নাগোয়ায় বৃষ্টিতে থমকে বাংলাদেশের প্রস্তুতি

নাগোয়ায় বৃষ্টিতে থমকে বাংলাদেশের প্রস্তুতি

ফন্ট সাইজ:

গত কয়েক দিন বেশ ভালোই ছিল নাগোয়ার আবহাওয়া। ঝলমলে রোদে নির্বিঘ্নেই এগিয়ে যাচ্ছিল এশিয়ান গেমসের আউটডোর ইভেন্টগুলো। কিন্তু গতকাল সেখানে বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়ে। তাতে স্থবির হয়ে পড়ে নাগোয়ার জনজীবন। ছাতাকে সঙ্গী করেই ঘর থেকে বের হন নগরবাসী। থমকে যায় ক্রীড়া কার্যক্রমও। বাতিল করা হয় বাংলাদেশ ক্রিকেট দলের সকালের অনুশীলন।
খারাপ আবহাওয়ার কারণে এদিন স্থগিত করা হয় সার্ফিং। বিচ ভলিবলও ঠিকঠাকভাবে গড়াতে পারেনি। বৃষ্টির কারণে বিঘ্ন ঘটেছে সাইক্লিং ও অ্যাথলেটিক্সে। এক ইনিংস হওয়ার পর বৃষ্টির কারণে বাতিল হয়েছে নেপাল ও জাপানের মধ্যকার ক্রিকেট ম্যাচ। কোনো বল মাঠে না গড়িয়েই মালয়েশিয়া ও ওমানের ম্যাচও বাতিল করা হয়।

দুই দলকে দেয়া হয়েছে এক পয়েন্ট করে। এমন আবহাওয়ার মধ্যে নাগোয়ার সাকাইয়ে দিনের বেশির ভাগ সময় হোটেলেই কাটান বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কেউ কেউ অবশ্য বৃষ্টি উপভোগ করতে ছাতা হাতে বাইরে বের হন। সন্ধ্যায় সাকাইয়ের একটি শপিং সেন্টারের সামনে দেখা যায় অধিনায়ক লিটন কুমার দাসকে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর হোটেলে ফিরে যান তিনি। শুক্রবার দুই ভাগে নাগোয়ায় পৌঁছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে থাকা আট ক্রিকেটার ঢাকা থেকে দুবাই হয়ে ওসাকায় এসেছেন। সেখান থেকে সড়কপথে রাতে নাগোয়ায় এসে দলের সঙ্গে যোগ দেন তারা। আর বাকি ক্রিকেটাররা শুক্রবার দুপুরেই সরাসরি নাগোয়ায় পৌঁছে হোটেলে ওঠেন।
গতকাল কারোগি স্পোর্টস পার্কে অনুশীলনে নামার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু বৃষ্টির কারণে সকালে সেই অনুশীলন হয়নি। আগের দিনই বাংলাদেশ দলকে বিষয়টি জানিয়ে দেয় গেমস কর্তৃপক্ষ।

দিনের অন্য কোনো সময়ে অনুশীলনের সুযোগ পাওয়া যাবে কি না, সেটি রাতে জানানোর কথা। বিষয়টি নিশ্চিত করে দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘আজ সকালে প্র্যাকটিসের সূচি ছিল। কিন্তু গেমস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির জন্য সকালে মাঠে অনুশীলন করা যাবে না। তবে আমরা কখন, কোথায় কী করবো, সেটা তারা জানাবে।’
নাগোয়ায় বৃষ্টির কারণে বাংলাদেশের নারী ক্রিকেট দলও শুরুতে ভোগান্তিতে পড়েছিল। আসরে এসে প্রথম দুই দিন অনুশীলন করতে পারেনি জ্যোতি-নাহিদারা। ভেজা মাঠের কারণে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালও মাঠে গড়ায়নি। র?্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে শেষ চারে ভারতের কাছে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া হয়।

এবার মিশন শুরু হচ্ছে পুরুষ ক্রিকেট দলের। আগামী ২৯শে সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে লিটন-শান্তদের বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতিতে বৃষ্টির বাধা কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার। মালয়েশিয়াকে হারাতে পারলে সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা অথবা হংকং। ৩রা অক্টোবর হবে পদকের লড়াই। এর আগে ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। ফাইনালে আফগানিস্তানকে ৫ উইকেটে হারায় মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন দল। এশিয়ান গেমসে সেটি বাংলাদেশের একমাত্র সোনা। এছাড়া ২০১৪ সালে ইনচন ও ২০২৩ সালে হাংঝু এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।