তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে বয়স লুকোনোর অভিযোগ দীর্ঘদিনের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিয়মকে ফাঁকি দিয়ে বেশি বয়সের ক্রিকেটারদের মাঠে নামায় ক্লাবগুলো। সেই অভিজ্ঞতা থেকে এবার বয়সের বিষয়ে কঠোর অবস্থান নিচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় বিভাগ ক্রিকেট কোয়ালিফায়ার টুর্নামেন্টের উদ্বোধন হয়। এ টুর্নামেন্টে ২৫ বছরের বেশি বয়সী কোনো ক্রিকেটারকে খেলার সুযোগ দেবে না বিসিবি। কোয়ালিফায়ার টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সিসিডিএম চেয়ারম্যান মঈনউদ্দিন চৌধুরী, জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, বিসিবি পরিচালক শানিয়ান তানিম ও আসিফ রাব্বানি এবং প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বয়সের সীমা নিয়ে সিসিডিএম চেয়ারম্যান মঈনউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের যারা এখন আছে, এটা একদম সর্বোচ্চ সীমা ২৫ করে দিয়েছি। ২৫-এর বেশি একজনও খেলতে পারছে না এখানে।’
বয়স ও খেলোয়াড় কোটায় অনিয়ম ছাড়াও তৃতীয় বিভাগ ক্রিকেটে ম্যাচ পাতানো ও ইচ্ছে করে হেরে যাওয়া, পক্ষপাতমূলক ও প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং ও শৃঙ্খলাভঙ্গের মতো ঘটনা দেখা যায়। এবার সেটি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান মঈনউদ্দিন। টুর্নামেন্ট সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও আম্পায়ারদের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সিসিডিএম চেয়ারম্যান বলেন, ‘সব ধরনের প্রোটেকশন আমরা নিয়েছি। আপনারা নিজেরাই ওই খেলাগুলো দেখতে যাবেন। নিজেরা গিয়ে অবজার্ভ করেন। আমরা কীভাবে প্রোটেকশন নিয়েছি, আপনারা ওখানে গেলে দেখতে পারবেন। আম্পায়ারদের সঙ্গে আমাদের কথা হয়েছে। প্রতিটা ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টগুলোর সঙ্গে এই খেলা জড়িত, তাদের সবার সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা সবাই সিরিয়াস যে এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। আম্পায়াররাও খুবই সিরিয়াস।’ টুর্নামেন্টে কোনো ধরনের প্রভাব খাটানোর সুযোগ থাকবে না বলেও স্পষ্ট করেছেন সিসিডিএম চেয়ারম্যান। তিনি বলেন, ‘এখানে কোনো রকমের কারও ইনফ্লুয়েন্স, কোনো বড় বড় লোকের কোনো ইনফ্লুয়েন্স হবে; এরকম কোনো সুযোগ নেই এই খেলায়।
কোনো সুযোগ দেবো না আমরা, ইনশাআল্লাহ। ১০০ পারসেন্ট ফেয়ারলি খেলা হবে।’ ২০২৬ সালের ঢাকা প্রিমিয়ার লীগের দুই ক্লাব ব্রাদার্স ইউনিয়ন ও পারটেক্স ইউনিয়ন ক্লাব ক্রিকেটারদের পারিশ্রমিকের বড় অংশ পরিশোধ করেনি। এ প্রসঙ্গে মঈনউদ্দিন বলেন, ‘সিসিডিএম হলো খেলাটাকে অর্গানাইজ করার জন্য। প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এগুলো আমরা অর্গানাইজ করি। এখন কোন ক্লাব টাকা দেয়নি, সেটার ব্যাপারে আমাদের কাছে অবজেকশন আসলে আমরা ক্লাবগুলোকে রিকোয়েস্ট করতে পারি এবং ওয়ার্ন করতে পারি যে আপনারা আপনাদের প্লেয়ারদের টাকা দেন। কিন্তু আমরা এর বেশি তো কোনো কিছু করতে পারি না, কারণ ক্লাবের অধীনে ওরা খেলছে।’
