পদকের লড়াইয়ে নামার আগে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন বাংলাদেশের আরচাররা। এশিয়ান গেমসের র্যাঙ্কিং রাউন্ডে বড় কোনো চমক না দেখালেও ব্যক্তিগত ইভেন্টে একাধিক ক্যারিয়ার সেরা স্কোর করেছেন তারা। রামকৃষ্ণ সাহা, নেওয়াজ আহমেদ রাকিব ও বন্যা আক্তারের পারফরম্যান্সে মিলেছে স্বস্তি। তবে দলগত ও মিশ্র দ্বৈতে সামনে অপেক্ষা করছে শক্তিশালী প্রতিপক্ষ।
গতকাল আইচি প্রিফেকচারের ওকাজাকি আরচারি মাঠে ছেলেদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে ৬৭৮ পয়েন্ট তুলে ক্যারিয়ার সেরা স্কোর করেছেন রামকৃষ্ণ সাহা। তার আগের সেরা ছিল ৬৬৮ এবং মৌসুম সেরা ৬৬৬। বিশ্ব র্যাঙ্কিংয়ে ৭৯ নম্বরে থাকা এই আরচার প্রথমার্ধে ৩৪২ পয়েন্ট তুললেও দ্বিতীয়ার্ধে পান ৩৩৬। ফলে আরও ভালো অবস্থানে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়। একই ইভেন্টে আব্দুর রহমান আলিফ ও মো. রাকিব মিয়া দুজনই পেয়েছেন ৬৫৩ পয়েন্ট। টাইব্রেকিংয়ে আলিফ ৩৮তম ও রাকিব ৩৯তম হয়েছেন। শীর্ষ দুই বাংলাদেশি পরের রাউন্ডে যাওয়ায় রাকিবকে বিদায় নিতে হয়েছে।
রামকৃষ্ণ পরের রাউন্ডে পেয়েছেন বাই। তার প্রতিপক্ষ কাজাখস্তানের ঝাংবীরবায় দৌলেতকেলিদ। আলিফ লড়বেন থাইল্যান্ডের থানাথিওয়াত তানকর্নের বিপক্ষে। দলগত রিকার্ভে বাংলাদেশের তিন আরচারের সম্মিলিত স্কোর ১৯৮৪। একই স্কোর কাজাখস্তানেরও। তবে টাইব্রেকিংয়ে বাংলাদেশ ১১তম হওয়ায় প্রি-কোয়ার্টারে প্রতিপক্ষ হয়েছে ইরান। ইরানের স্কোর ২০১৮।
ছেলেদের কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টেও ক্যারিয়ার সেরার দেখা পেয়েছে বাংলাদেশ। নেওয়াজ আহমেদ রাকিব ৭০১ পয়েন্ট নিয়ে ৪৫ জনের মধ্যে ২২তম হয়েছেন। হিমু বাছাড় ৬৯৬ পয়েন্টে ৩১তম এবং ঐশ্বর্য্য রহমান ক্যারিয়ার সেরা ৬৯৫ পয়েন্টে ৩৩তম। শেষ ষোলোয় নেওয়াজের প্রতিপক্ষ ইরানের মিলাদ রাশিদি, হিমুর প্রতিপক্ষ কাজাখস্তানের আন্দ্রেই তোইতাইউন।
মেয়েদের কম্পাউন্ডে ৬৯৭ পয়েন্ট তুলে ক্যারিয়ার সেরা করেছেন বন্যা আক্তার। ৫৩ প্রতিযোগীর মধ্যে ১৬তম হয়েছেন বিশ্ব র্যাংকিংয়ে ১১৬ নম্বরে থাকা এই আরচার। তার আগের সেরা ছিল ৬৯৩। কুলসুম আক্তার মনি ৬৯২ পয়েন্টে ২৬তম এবং পুষ্পিতা জামান ৬৭৮ পয়েন্টে ৩৮তম হয়েছেন। বন্যা ও কুলসুম দু’জনই পরের রাউন্ডে পেয়েছেন বাই। বন্যার প্রতিপক্ষ ইরানের গিসা বাইবরদি, কুলসুমের নিনা বনিতা প্যারেইরা। দলগত কম্পাউন্ডে ২০৬৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ দশম; প্রি-কোয়ার্টারে প্রতিপক্ষ কাজাখস্তান। রিকার্ভ মিশ্র দ্বৈত ইভেন্টে রামকৃষ্ণ সাহা ও সাইমা সালাহ উদ্দিন ১৩১২ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে ১৪তম হয়েছে। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড। কম্পাউন্ড মিশ্র দ্বৈতে ঐশ্বর্য্য রহমান ও পুষ্পিতা জামানের জুটি ১৩৯৮ পয়েন্ট নিয়ে ১১তম। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান। ব্যক্তিগত ইভেন্টে একাধিক ক্যারিয়ার সেরা স্কোর আশা জাগালেও দলগত ও মিশ্র দ্বৈতে শক্তিশালী প্রতিপক্ষের বাধা পেরোনোটাই এখন বাংলাদেশের আরচারদের বড় পরীক্ষা।
