আর্জেন্টিনা সমর্থকদের জন্য এলো স্বস্তির খবর। বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া এ নিয়ে ইতিমধ্যে স্কালোনির সঙ্গে বৈঠকও করেছেন বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। গত শুক্রবার স্কালোনি ও তাপিয়ার একটি ছবি প্রকাশ করে এএফএ জানায়, চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। তবে কিছুদিন আগে দায়িত্বে থাকার আগ্রহের কথা জানান এই কোচ। তাপিয়ার সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে থাকার ইচ্ছা আমার আছে, তবে অনেক কিছু নিয়ে কথা বলতে হবে। আলোচনার জন্য আমার পুরোপুরি আগ্রহ আছে।’
টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, নতুন চুক্তি হতে পারে দুই বছর মেয়াদি, যাতে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্বে থাকবেন স্কালোনি। চুক্তিতে আরও দুই বছর বাড়ানোর সুযোগও রাখা হতে পারে, যা তাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখার পথ তৈরি করবে। তবে এই কাঠামো এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। চুক্তি নিয়ে আলোচনা চলার মধ্যেই আসন্ন তিনটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার দায়িত্ব পালন করবেন স্কালোনি। আগামী ৩০শে সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ৩রা অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ই অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে তারা। বেনিন ম্যাচটিই হবে লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ।
দলে পরিবর্তনের স্পষ্ট আভাসও দিয়েছেন স্কালোনি। সামপ্রতিক স্কোয়াডে রেখেছেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, আগুস্তিন গিয়াই, মাতিয়াস সুলে, ভালেন্তিন গোমেস ও একি ফার্নান্দেসের মতো প্রতিশ্রুতিশীল তরুণদের। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রোমান ভেগা, সান্তিয়াগো সিমোন, লিওনেল ফ্লোরেস ও তোবিয়াস আন্দ্রাদা। স্কালোনির থাকার পক্ষে সরব হয়েছেন খেলোয়াড়েরাও। এনসো ফার্নান্দেজ বলেন, ‘আশা করি তিনি চুক্তি নবায়ন করবেন। তিনি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং তিনিই দলটাকে গড়ে তোলেন।’
২০১৮ সালে হোর্হে সাম্পাওলির বিদায়ের পর ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব নেন স্কালোনি। এরপর তা স্থায়ী রূপ নেয়। তার অধীনে ২০২১ সালে ২৮ বছরের শিরোপাখরা ঘুচিয়ে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। এরপর আসে ২০২২ ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপ জয়- ৩৬ ম্যাচের অপরাজিত যাত্রায়। ২০২৪ সালে আরেকটি কোপা আমেরিকা জিতে নিজের সাফল্যের ধারা অব্যাহত রাখেন তিনি। তবে এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ। মেসি ও নিকোলাস ওতামেন্দির মতো অভিজ্ঞদের বিদায়ের পর নতুন প্রজন্মকে নিয়ে দল গড়ে তোলার কঠিন দায়িত্ব পেতে পারেন স্কালোনি।
