আমিরুলের জোড়া গোলে দ্বিতীয় জয় হকি দলের

ফন্ট সাইজ:

ষষ্ঠ হওয়ার লক্ষ্যে নিয়ে আইচি-নাগোয়ার এশিয়ান গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ পুরুষ হকি দল। টানা দ্বিতীয় জয়ে সে পথেই এগিয়ে যাচ্ছে জিমি-আমিরুলরা। গতকাল গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আমিরুল ইসলামের জোড়া গোলে ইন্দোনেশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে গেরহার্ড পিটারের দল। অপর গোলটি করেন অভিজ্ঞ মিডফিল্ডার রাসেল মাহমুদ জিমি। এর আগে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ।
১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আমিরুল। ৩১ মিনিটে একইভাবে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। শেষ কোয়ার্টারে ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করেন জিমি। ৪৮ মিনিটে পেনাল্টি স্ট্রোকে ইন্দোনেশিয়ার হয়ে একটি গোল শোধ করেন আল আরদ আউলিয়া।

ছয় দলের ‘এ’ গ্রুপে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে চারে আছে বাংলাদেশ। শেষ ম্যাচে শীর্ষে থাকা ভারতের বিপক্ষে খেলবে তারা। এরপর পঞ্চম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে ‘বি’ গ্রুপের সম্ভাব্য তৃতীয় দল চীনের মুখোমুখি হতে পারে বাংলাদেশ। দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্স বলেন, ‘প্রাথমিক লক্ষ্য ষষ্ঠ হওয়া। চীন আমাদের চেয়ে ভালো দল হলেও এখন দলের আত্মবিশ্বাস আছে। ওদের হারানোর সাম্যর্থ্যও আছে।’

আসরের শুরুটা হয়েছিলো হার দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে এবং স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ দল। ২৮শে সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এদিকে নারী হকিতে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে চাইনিজ তাইপেকে হারাতে পারলে অবস্থান ওপরে ওঠার সুযোগ থাকবে। এদিকে বক্সিংয়ে মঙ্গোলিয়ার প্রতিযোগির কাছে ৫-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশের উৎসব হোসেন।