নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহম্মদ গিয়াস উদ্দিনের প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে সোনারগাঁ শ্রমিক দলের সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভট্টপুর এলাকায় গিয়াস উদ্দিনের নেতাকর্মীরা প্রচারণা করতে গেলে এ ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে গিয়াস উদ্দিনের ৫ কর্মী সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও করেন। কিন্তু ঘটনার চারদিন পরেও এ ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি’র সাবেক সভাপতি গিয়াস উদ্দিন।
জানা যায়, নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ গিয়াস উদ্দিন (ফুটবল)’র পক্ষে অন্তরা কর্মকার, ফাতেমা খানম তৃষা, স্বর্ণা আক্তার, ইমরান খান, মো. ইব্রাহিম, হিমেল এবং ড্রাইভার নূর হোসেন মিলে সোনারগাঁ পৌরসভার ৯ নং ওয়ার্ডের ভট্টপুর গ্রামে প্রচার চালাতে যায়। দুপুর ১টায় প্রচারণার একপর্যায়ে সোনারগাঁ থানার শ্রমিক দলের সদস্য মোশারফ হোসেন তাদের প্রচারণা চালাতে বাধা দেয়। ধাক্কাধাক্কি ও হুমকি-ধামকি দেয়। এক পর্যায়ে ভয়-ভীতিসহ গালমন্দ করে তাদের কাছ থেকে অ্যান্ড্রয়েড মোবাইলফোন ছিনিয়ে নিয়ে পানিতে ফেলে দেয়। এসময় মারমুখী আচরণ করে তাদের নির্বাচনী প্রচারণা বন্ধ করে দেয়। ছড়িয়ে পড়া ভিডিওতে মোশাররফ হোসেনকে উত্তেজিত হয়ে প্রচারণাকারীদের ধমকাতে ও চলে যেতে বলতে দেখা যায়। অভিযোগের ব্যাপারে মোশাররফ হোসেন বলেন, তারা ভোটারদের টাকা পয়সা দেয়ার চেষ্টা করছিল। তাই আমি বাধা দিয়েছি। কিন্তু আমি কোনো গালমন্দ করিনি। কোনো ধাক্কাধাক্কি করেনি। নারায়ণগঞ্জ-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আসিফ আল জিনাত বলেন, ‘যতগুলো অভিযোগ পেয়েছি সবগুলোর ব্যাপারেই ব্যবস্থা নেয়া হয়েছে।’ এ ঘটনায় কি ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চাইলে তিনি অভিযোগের কপি দিতে বলেন। অভিযোগের কপি তার হোয়াটসঅ্যাপে দিলেও তিনি এ ব্যাপারে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাননি।
নারায়ণগঞ্জ ৩
স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, ব্যবস্থা না নেয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
