আওয়ামী লীগ সন্দেহে শতাধিক আটক

গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান

আওয়ামী লীগ সন্দেহে শতাধিক আটক

ফন্ট সাইজ:

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে অন্তত শতাধিক লোককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল পৌনে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছে। অভিযানে আটক ব্যক্তিদের পল্টন থানায় নেয়া হয়েছে। পুলিশের ভাষ্য, আওয়ামী লীগের লোকজন জাসদ কার্যালয়ে গোপন বৈঠক করছিলেন। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

বিষয়টি নিশ্চিত করে পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর ইসলাম বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু লোকজনকে আনা হয়েছে থানায়। জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে ধানমন্ডি থেকে তিনজন এবং মোহাম্মদপুর থেকে একজনকে হাতবোমাসহ আটক করে। ধানমন্ডির ওই মিছিলে অংশ নেয়া অনেকে পরে গুলিস্তানে জাসদের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। এর আগে ওই কার্যালয়ে কয়েক শতাধিকের বেশি নেতা-কর্মী জড়ো হয়েছিলেন বলে জানা যায়।

দুপুরের পর আওয়ামী লীগের নেতাকর্মী গোপন বৈঠক করছেন-এমন খবর পেয়ে যুবদলের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে তাদের আটকে রেখে পুলিশকে খবর দেন। এ সময় বাইরে যুবদলের শত শত নেতাকর্মী অবস্থান করেন। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন সাংবাদিকদের বলেন, এখানে আওয়ামী লীগের স্লোগান দেয়া হচ্ছে। তাহলে এটাকে কীভাবে জাসদের কার্যালয় বলতে পারি। এটা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়। যেখানেই আওয়ামী লীগের স্লোগান দেখব, সেখানেই যুবদল যাবে। ৪০০ থেকে ৫০০ লোক এ কার্যালয়ে আটকা অবস্থায় রয়েছে। কার্যালয়ের সামনে যুবদলের হাজার হাজার লোক আছে, তাদের শান্ত রেখেছি। কার্যালয়ে আটকে থাকা লোকজনকে প্রশাসনকে নিয়ে যেতে বলেছি।’

এদিকে পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, বিকেল ৩টার দিকে তিনতলায় গিয়ে জাসদ কার্যালয়ে দেখা যায়, সেখানে বৈঠক চলছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন বলেন, ওই কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার খবর পেয়ে পুলিশ ৪০ জনকে পল্টন থানায় নিয়ে গেছে। এখনো অভিযান চলছে।