টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। ভারতের জার্সিতে এখন শুধু ওয়ানডে ফরম্যাটেই দেখা যায় তাকে। এবার সেই ৫০ ওভারের ক্রিকেট থেকেও বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিলেন এই কিংবদন্তি ব্যাটার— আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপই হতে যাচ্ছে ভারতের হয়ে তার শেষ টুর্নামেন্ট।
শনিবার জিওস্টারকে দেয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘আমার জন্য ভারতের হয়ে খেলা এটিই শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। অবশ্যই আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা, এজন্য যা করা প্রয়োজন, আমি করতে পুরোপুরি প্রস্তুত।’
৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা নিয়ে খোলামেলা কথা বলেছেন কোহলি। তার ভাষায়, ‘একটি ৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো কিছুর চেয়ে অনেক বেশি। টি-টোয়েন্টি পর্যায়ের তীব্রতায় অন্তত ১০টি ম্যাচ খেলতে হয় এখানে। আপনি মূলত এক দিনেই আড়াইটি টি-টোয়েন্টি ম্যাচের সমান খেলছেন। আর এত বড় টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচে সেই একই তীব্রতা ধরে রাখা সহজ নয়। তা ছাড়া এবার খেলা হবে বিদেশের মাটিতে (দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া), যা স্বাভাবিকভাবেই শরীর ও মনের ওপর অনেক বড় প্রভাব ফেলে।’
এই ঘোষণার আগে দীর্ঘদিন ধরেই কোহলির ভবিষ্যৎ নিয়ে চলছিল নানা জল্পনা। এ বছরের মে মাসে আরসিবির পডকাস্টে তিনি বলেছিলেন, দলে নিজের মূল্য প্রমাণ করার প্রয়োজন না হলেই কেবল ২০২৭ বিশ্বকাপ খেলার কথা ভাববেন। তবে শনিবারের সাক্ষাৎকারে সেই দ্বিধা কাটিয়ে সরাসরি নিশ্চিত করলেন নিজের শেষ বিশ্বকাপের কথা।
ওয়ানডেতে রেকর্ড ৫৪টি সেঞ্চুরির মালিক ৩৭ বছর বয়সী কোহলির সংগ্রহে আছে ১৪ হাজার ৯৪১ রান, যা শচীন টেন্ডুলকারের (১৮,৪২৬ রান) পরই সর্বোচ্চ। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ১৭তম বছরে পা রাখা এই তারকা ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন, আর সবশেষ ২০২৩ সালের ফাইনালে হেরেছিলেন অস্ট্রেলিয়ার কাছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া ২০২৭ সালের এই আসরটি হবে তার পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ।
কোহলির মতো নির্দিষ্ট করে বিদায়ের ঘোষণা না দিলেও একই প্রসঙ্গে ভারতের আরেক কিংবদন্তি রোহিত শর্মা বলেন, ‘আমার কাছে নিজের দায়িত্ব শেষ হয়ে গেছে— এমন ভাবনা কখনো মাথায় আসে না। যতক্ষণ আপনি খেলছেন, সামনে সবসময়ই নতুন কিছু অপেক্ষা করে। আমিও এখন বিশ্বকাপের দিকেই তাকিয়ে আছি।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতের দলে আছেন কোহলি ও রোহিত দুজনেই। আগামীকাল তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ।
