নাগাল্যান্ডে বিষাক্ত মদ পানে অন্তত ১৯ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে গত দুই দিনে বিষাক্ত মদ পানে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহজনক ও বেআইনি মদ পানের ফলে মোককচুং জেলায় আটজন এবং টুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে পুলিশ ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে নমুনা পাঠিয়েছে।

সংবাদসংস্থা সূত্রের খবর, এই মৃত্যুর ঘটনা তদন্ত করতে পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে। রাজ্যটিতে ১৯৯০ সাল থেকে মদ নিষিদ্ধ। তাই ভেজাল মদের সরবরাহ চক্রের হদিস পেতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই মৃত্যুর ঘটনার পর পুলিশ একাধিক জায়গায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে এবং প্রায় ৩,০০০ বোতল মদ জব্দ করেছে।

নাগাল্যান্ডের সিনিয়র পুলিশ সুপার ভেসুপরা কেজো শনিবার জানিয়েছেন, মৃত্যুর ঘটনাগুলোর তদন্ত করতে এবং সন্দেহভাজন বিষাক্ত বা ভেজাল মদের উৎস ও সরবরাহ শৃঙ্খল খুঁজে বের করতে অতিরিক্ত পুলিশ সুপার আই বাংল্যাং চ্যাং-এর নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

কেজো বলেছেন, ‘আমরা কিছু সূত্র পেয়েছি, তবে বিস্তারিত তথ্য প্রকাশ করার মতো সময় এখনও আসেনি।’

পুলিশ জনসাধারণকে অপরিচিত, লেবেলবিহীন বা সন্দেহজনক অবৈধ মদ পান করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এছাড়া, মদ পানের পর মাথা ঘোরা, ঝাপসা দৃষ্টি, শ্বাসকষ্ট বা জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে।