যশোর-৬ (কেশবপুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ। লিখিত বক্তব্যে সাইদুর বলেন, গত রোববার দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর পৌর শহরের সাবদিয়া এলাকার বাসভবনে সন্ত্রাসী গ্রুপ কর্তৃক হাত বোমা/ককটেল নিক্ষেপ করা হয়েছে। নির্বাচনী পরিবেশকে আতঙ্কিত করা, ভোটারদের ভয় দেখানোসহ প্রার্থীকে দমিয়ে রাখার জন্য এই ধরনের সন্ত্রাসী কৌশল গ্রহণ করা হয়েছে বলে আমরা মনে করি। সংবাদ সম্মেলনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোরালোভাবে দাবি জানিয়ে তিনি আরও বলেন, এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। যশোর-৬ (কেশবপুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বলেন- কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা আমার জানা নেই। তবে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ব্যাপারে কেশবপুর থানার ওসি সুকদেব রায় বলেন- ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
কেশবপুরে জামায়াত প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
