গত কয়েক দিন বেশ ভালোই ছিল নাগোয়ার আবহাওয়া। ঝলমলে রোদে নির্বিঘ্নেই এগিয়ে যাচ্ছিল এশিয়ান গেমসের আউটডোর ইভেন্টগুলো। কিন্তু আজ সেখানে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেড়েছে। তাতে স্থবির হয়ে পড়েছে নাগোয়ার ক্রীড়া কার্যক্রমও।
বৃষ্টির কারণে আজ বাতিল হয়েছে নেপাল ও জাপানের মধ্যকার ক্রিকেট ম্যাচ। বাতিল করা হয়েছে মালয়েশিয়া ওমানের মধ্যকার ম্যাচও। এমন আবহাওয়ার মধ্যেই নাগোয়ার সাকাইয়ের হোটেলে সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। অনেকে ছাতা নিয়ে হোটেলের বাইরে ঘুরতেও বেড়িয়েছেন। আজ তাদের বিশ্রামের দিন। আগামীকাল সকাল ১০টায় করোগি স্পোর্টস পার্কে অনুশীলনের সূচি ছিল লিটন দাস-নাজমুল হোসেন শান্তদের। কিন্তু বৃষ্টির কারণে সেই অনুশীলন হচ্ছে না।
গতকাল দুই ভাগে নাগোয়ায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে থাকা আট ক্রিকেটার ঢাকা থেকে দুবাই হয়ে ওসাকায় এসেছেন। সেখান থেকে সড়কপথে রাতে নাগোয়ায় এসে দলের সঙ্গে যোগ দেন তারা। আর বাকি ক্রিকেটাররা গতকাল দুপুরেই সরাসরি নাগোয়ায় পৌঁছে হোটেলে ওঠেন।
আজ হোটেলে বিশ্রাম কাটানোর পর আগামীকাল মাঠে অনুশীলনে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে সকালে সেই অনুশীলন হচ্ছে না—এটি ইতোমধ্যেই বাংলাদেশ দলকে জানিয়ে দিয়েছে গেমস কর্তৃপক্ষ। দিনের অন্য কোনো সময়ে অনুশীলনের সুযোগ পাওয়া যাবে কি না, সেটি আজ রাতে জানানো হবে।
বিষয়টি নিশ্চিত করে দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘কাল সকালে প্র্যাকটিসের সূচি ছিল। কিন্তু গেমস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির জন্য আগামীকাল সকালে মাঠে অনুশীলন করা যাবে না। তবে কাল আমরা কখন কোথায় কি করবো, সেটা তারা আজ রাতে জানাবে।’
নাগোয়ায় বৃষ্টির কারণে বাংলাদেশের নারী ক্রিকেট দলও শুরুতে ভোগান্তিতে পড়েছিল। আসরে এসে প্রথম দুই দিন অনুশীলন করতে পারেনি জ্যোতি-নাহিদারা। ভেজা মাঠের কারণে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালও মাঠে গড়ায়নি। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে শেষ চারে ভারতের কাছে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া হয়।
এবার পুরুষ দলের পালা। আগামী ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে লিটন-শান্তদের বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতিতে বৃষ্টির বাধা কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার। মালয়েশিয়াকে হারাতে পারলে সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা অথবা হংকং। ৩ অক্টোবর হবে পদকের লড়াই।
