৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

সোনারগাঁওয়ে ট্রলার ডুবি

৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বৈদ্যার বাজার আল-মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।

মৃতরা হলেন—হেলাল উদ্দিনের ছেলে সজীব হোসেন (২৪), মেয়ে সামিয়া আক্তার (১৭) এবং পাঁচ বছর বয়সী ছেলে সামিন হোসেন।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁওয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে গরু-ছাগলসহ ১৩ জন বৈদ্যার বাজারের দিকে আসছিলেন। পথে মেঘনা নদীর মাঝখানে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়।
এ সময় আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর হেলাল উদ্দিন, তার ছেলে সজিব, মেয়ে সামিয়া ও শিশু ছেলে সামিন নিখোঁজ ছিলেন।
পরে ঢাকার ডুবুরি দল এসে রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালায়। অন্ধকার ও নদীর পরিস্থিতির কারণে রাতে অভিযান স্থগিত করা হয়।

শুক্রবার সকাল ৭টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পাশাপাশি কোস্ট গার্ডের সদস্যরাও নিখোঁজদের সন্ধানে তৎপরতা চালান। দিনভর অভিযান চালিয়ে ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাওয়া গেলেও নিখোঁজ চারজনের সন্ধান মেলেনি। ট্রলারের ভেতর থেকে দুটি গরু ও একটি খাসির মরদেহ পাওয়া যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আজ সকালে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপরজনের মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।