জ্বালানি তেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নিত্যপণ্য ও সবজির দাম। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। একইসঙ্গে ঊর্ধ্বমুখী রয়েছে ডিমের দামও; ফার্মের ডিমের দাম ডজনপ্রতি ১৬০ টাকা ছাড়িয়েছে। বাজারে বেড়েছে কয়েক ধরনের মাছের দামও। তা ছাড়া, বেশ কিছুদিন ধরেই ব্রয়লার মুরগি, ডিম, আটা ও ময়দার দাম চড়া। লিটারে ৫ টাকা বাড়ানোর পরও বাজারে এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল কম পাওয়া যাচ্ছে। পাঁচ লিটারের বোতলের সয়াবিন তেলের সরবরাহও কিছুটা কমেছে। শুক্রবার রাজধানীর একাধিক বাজারে নিত্যপণ্যের দরের এই চিত্র দেখা গেছে।
রোববার দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। আর পেট্রোলের নতুন দাম প্রতি লিটার ১৬০ টাকা ও অকটেনের দাম ১৬৫ টাকা। তেলের মূল্যবৃদ্ধির পর ট্রাকের ভাড়া বেড়েছে। ফলে উৎপাদনস্থল থেকে পাইকারি বাজার, পাইকারি বাজার থেকে খুচরা বাজার— প্রতিটি ধাপেই অল্প অল্প করে দাম বেড়েছে। রোববার দাম বাড়ায় সোমবার থেকেই খুচরা বাজারে প্রভাব পড়তে শুরু করেছে।
বাজারভেদে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৬০-১৮০ টাকা। টমেটোর দাম ৮০-১০০ থেকে বেড়ে হয়েছে ১০০-১২০ টাকা। দেশি শসা ৫০-৬০ থেকে বেড়ে ৮০ ও করলা ৬০ থেকে বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দামও ৮০-১০০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০০-১২০ টাকায়। এ ছাড়া প্রতি পিস লাউ ৭০-৮০ টাকা, কচুর লতি কেজি ৮০ ও গাজর ১২০-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আবার পটোলের দাম কেজিতে ৫০ থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে। ধুন্দলের দাম ১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭০-৮০ টাকায়। বরবটি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি এবং ঝিঙার দাম ৬০ থেকে বেড়ে হয়েছে ৭০ টাকা। বেড়েছে কাঁচামরিচের দামও।
কাওরান বাজারের ব্যবসায়ী দেলোয়ার বলেন, কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। এ কারণে পণ্য সরবরাহ কমেছে। আবার জ্বালানি তেলের দাম বাড়ায় দূরের জেলাগুলো থেকে ঢাকায় পণ্য আনার ট্রাক ভাড়া কয়েক হাজার টাকা বেড়েছে। ফলে পাইকারি বাজারেও সবজির দাম বেড়েছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। শীতকালীন সবজি বাজারে না আসা পর্যন্ত অধিকাংশ সবজির দাম কেজিতে ৬০-৮০ টাকার নিচে নামার সম্ভাবনা কম। মগবাজারের ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা মহিউদ্দিন বলেন, পরিবহন খরচ বেড়েছে। তাই পাইকারি বাজারে সবজির দাম বেড়েছে। মিজান নামের আরেক ব্যবসায়ী বলেন, যশোর থেকে রাজধানীর কাওরান বাজারে বেগুন আসে। প্রায় ৭০-৮০ টাকা কেজি দরে পাইকাররা কিনে আনতেন। জ্বালানি তেলের দাম বাড়ার আগে মাঝারি আকারের একটি ট্রাকের ভাড়া ছিল ১৮ হাজার টাকা। তেলের দাম বাড়ায় ট্রাক ভাড়া বেড়ে ২১ হাজার টাকা হয়েছে। এখন কাওরান বাজারেই ১০০ টাকায় ওপরে বেগুন বিক্রি হচ্ছে।
এদিকে, ফার্মের মুরগির ডিমের দাম ডজনে ১০ টাকা কমে ফের বেড়েছে। শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ব্রয়লার সাদা ডিম ১৩০ টাকা ডজন এবং বাদামি ডিম ১৪০ থেকে ১৪৫ টাকা ডজন দরে বিক্রি হয়েছিল। গতকাল পর্যন্ত ব্রয়লার সাদা ডিমের দাম অপরিবর্তিত ছিল। বাদামি ডিমের দাম বেড়ে ১৫০ থেকে ১৫৫ টাকা ডজন হয়েছে। অর্থাৎ ডজনপ্রতি ব্রাউন ডিমের সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম ১০ টাকা করে বেড়েছে। তবে অপরিবর্তিত আছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। কাওরান বাজারের ডিম বিক্রেতা ইব্রাহিম বলেন, আমরা সরবরাহ কম পাচ্ছি। আজ ১৫০ টাকায় বিক্রি করতে পারছি, আগামীকাল দেখবেন আরও বেড়ে গেছে দাম।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার দরের প্রতিবেদনেও দেখা গেছে, বেশ কয়েকটি পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। টিসিবি’র হিসাবে গত সপ্তাহের সঙ্গে তুলনায় বৃহস্পতিবার পর্যন্ত খোলা আটার দাম কেজিতে ২ টাকা, প্যাকেটজাত আটার দাম সর্বোচ্চ ৫ টাকা এবং খোলা ও প্যাকেটজাত ময়দার দাম ৫ টাকা করে বেড়েছে। এ ছাড়া, দুই লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১২ টাকা, এক লিটারের বোতলজাত সয়াবিন তেল ৫, খোলা পাম অয়েল কেজিতে ৪, আমদানি করা রসুন ২০, কাঁচামরিচ সর্বোচ্চ ৬০ ও বেগুন ১০ টাকা কেজিতে বেড়েছে। একই সময়ে ফার্মের ডিমের দাম হালিপ্রতি সর্বোচ্চ ৫ টাকা বেড়েছে।
