চব্বিশের গণ-আন্দোলনের পরাজিত শক্তি বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশ শেষে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার প্রতিবাদে নয়াপল্টন এলাকা থেকে একটি বিশাল মিছিল করে নেতাকর্মীরা। রিজভী বলেন, চব্বিশের গণআন্দোলনের পরাজিত শক্তি বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
অস্থিতিশীলতা সৃষ্টি ও রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করার অংশ হিসেবে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটানো হচ্ছে। একইসঙ্গে চব্বিশের পরাজিত শক্তিকে কোনো ধরনের ‘আস্কারা’ বা প্রশ্রয় না দেয়ার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা এবং আগের রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যেই এসব ষড়যন্ত্র করা হচ্ছে। চব্বিশের গণআন্দোলনের মধ্যদিয়ে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তা নস্যাৎ করার কোনো অপচেষ্টাই সফল হতে দেয়া যাবে না। আর পরাজিত শক্তির মাঠে কোনো কার্যক্রম চালানোর অধিকার নেই। তবে রাজপথে অন্য সকল রাজনৈতিক দলের সমাবেশ করার পূর্ণ অধিকার রয়েছে।
রিজভী বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন ও সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার। তবে এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যার সুযোগ নিয়ে পরাজিত শক্তি আবারো রাজনৈতিকভাবে সংগঠিত হতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে; কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। এ ছাড়া সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জামে মসজিদের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে’ রুহুল কবির রিজভী বলেন, দেশকে তাঁবেদার রাষ্ট্র করতে চাইলে বিএনপি প্রতিরোধ গড়বে। এতে সভাপতিত্ব করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা গাজী মো. সেলিম রেজা। এ সময় বায়তুল মোকাররম জামে মসজিদের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
রিজভী বলেন, এই দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই। যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায়, যারা বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্র করতে চায়, জাতীয়তাবাদী ওলামা দল এবং বিএনপি তাদের বিরুদ্ধে রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, পথে-প্রান্তরে কঠিন ব্যারিকেড গড়ে তুলবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের তিন প্রজন্মের যে ধারাবাহিকতা, সেটার তারেক রহমান তিন নম্বর প্রতিনিধি। তার বাবা ১৯৮০ সালে বক্তৃতা করেছেন, তার মা ১৯৯২ সালে বক্তৃতা করেছেন। আজকে তাদেরই জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, অস্ত্রের বদলের পরিবর্তনের হাতিয়ার হোক যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা আর মানবতা। অসাধারণ বক্তব্য সেখানে দিয়েছেন। বলেছেন, প্রত্যেকটি দেশের সঙ্গে প্রত্যেকটি দেশের সমমর্যাদার সঙ্গে সম্পর্ক থাকতে হবে। তিনি আবার পুনর্ব্যক্ত করেছেন একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।
ওদিকে গতকাল বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে-২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থ বা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোই যথেষ্ট নয়; মানুষের সক্ষমতা বৃদ্ধি এবং উপযুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও জাতীয় সমৃদ্ধির গুরুত্বপূর্ণ সূচক।
