পাক সীমান্ত চৌকি ধ্বংসের দাবি তালেবানের, ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

পাক সীমান্ত চৌকি ধ্বংসের দাবি তালেবানের, ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

ফন্ট সাইজ:

আফগানিস্তানের কান্দাহারের স্পিন বোলদাক জেলায় পাল্টা হামলায় পাকিস্তানের একটি সীমান্ত চৌকি ধ্বংসের দাবি করেছে তালেবান। বৃহস্পতিবারের এ হামলা পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাবে চালানো হয়েছে বলে জানিয়েছে তালেবানের ২০৫ আল-বদর কোর।

আল-বদর কোরের মুখপাত্র নাজির আহমদ শাকিব দাবি করেন, পাকিস্তানি বাহিনী বুধবার দিনভর স্পিন বোলদাকের কার্গো এলাকায় গোলাবর্ষণ করে। এর জবাবে সীমান্তের কাছে পাকিস্তানি সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তালেবান বাহিনী।
শাকিবের দাবি, হামলায় পাকিস্তানের সীমান্ত চৌকিটি পুরোপুরি ধ্বংস হয়েছে এবং পাকিস্তানি বাহিনীর ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে। তবে এই দাবির পক্ষে তালেবান কোনো প্রমাণ দেয়নি। পাকিস্তানি কর্তৃপক্ষও এখন পর্যন্ত হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি বা হতাহতের খবর জানায়নি।

এর আগে বৃহস্পতিবার ভোরে কান্দাহার, খোস্ত ও পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। তালেবান কর্মকর্তাদের দাবি, এসব হামলায় চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তারা পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগও করেছে।

পাকিস্তানের বক্তব্য, হামলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা এবং পাকিস্তানে ড্রোন হামলা চালাতে ব্যবহৃত কথিত কয়েকটি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইসলামাবাদ দীর্ঘদিন ধরে আফগানিস্তানের ভূখণ্ডে অবস্থানরত জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানে হামলা চালানোর অভিযোগ করে আসছে। তবে তালেবান প্রশাসন এ অভিযোগ অস্বীকার করে।