নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়ায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ ফ্লাইটের অবস্থা যাচাই করার পরামর্শ দেয়া হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও আবুধাবির জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে একাধিক ফ্লাইটে বিলম্বের খবর পাওয়া গেছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারলাইনগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় ফ্লাইটের সময়সূচিতেও পরিবর্তন আসতে পারে। এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানি এয়ারলাইনগুলোর ফ্লাইট স্থগিত করেছে ইউএই।
সপ্তাহান্তের পরিস্থিতিও অনিশ্চিত থাকায় যাত্রীদের বিমানবন্দরে বাড়তি সময় হাতে নিয়ে যেতে এবং এয়ারলাইনগুলোর সর্বশেষ আপডেট নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। তবে সব ধরনের বিলম্বই যে আঞ্চলিক সংঘাতের কারণে হচ্ছে, তা নয়। প্রযুক্তিগত ও পরিচালনাগত কারণেও কিছু ফ্লাইটে বিলম্ব হচ্ছে।
ইরানি এয়ারলাইনগুলোর ফ্লাইট স্থগিত
ইউএইর জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (জিসিএএ) জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানি এয়ারলাইনগুলোর ইউএইগামী ও ইউএই থেকে পরিচালিত ফ্লাইট স্থগিত করা হয়েছে।
দুবাই ও আবুধাবিতে ফ্লাইটের অবস্থা
দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (ডিএক্সবি): শুক্রবার সকালে ডিএক্সবি থেকে ছেড়ে যাওয়া কয়েকটি ফ্লাইটে বিলম্ব হয়েছে। বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অব্যাহত থাকলেও যাত্রীদের রওনা হওয়ার আগে নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা দেখে নিতে বলা হয়েছে।
আবুধাবি: এখান থেকেও একাধিক ফ্লাইটে বিলম্বের খবর পাওয়া গেছে। ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, বেশির ভাগ ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হওয়ার কথা থাকলেও বাহরাইন, কুয়েত ও রিয়াদগামী কয়েকটি ফ্লাইটে বিলম্ব হয়েছে।
কোন এয়ারলাইনে কী অবস্থা?
এমিরেটস: বাহরাইন ও কুয়েতগামী ফ্লাইট স্বাভাবিকভাবে চলছে। তবে ভোরের কয়েকটি ফ্লাইটে সামান্য বিলম্ব হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ম্যানিলাগামী ইকে৩৩০, বাগদাদগামী ইকে৯৪৩, মেলবোর্নগামী ইকে৪০৪, করাচিগামী ইকে৬০৬ ও ফুকেটগামী ইকে৩৯০।
ইতিহাদ এয়ারওয়েজ: বাহরাইনগামী ইওয়াই৬৪৭, কুয়েতগামী ইওয়াই৬৫৩ এবং রিয়াদগামী ইওয়াই৫৫১ ফ্লাইটে কিছুটা বিলম্ব হয়েছে।
এয়ার আরাবিয়া: শারজাহ-কুয়েত রুটের জি৯০৬৮ ও জি৯১২৪, শারজাহ-বাহরাইন রুটের জি৯১০৭ এবং আবুধাবি-কুয়েত রুটের ৩এল০২০ ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিদেশি এয়ারলাইনগুলোর পরিস্থিতি
বিভিন্ন দেশের বিমান সংস্থাগুলো ইউএইতে তাদের ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা করছে। এয়ার আস্তানা ১ ও ২ অক্টোবর আলমাটি ও আস্তানা থেকে দুবাই ফ্লাইট পুনরায় চালুর কথা জানিয়েছে। ফিলিপাইন এয়ারলাইনস ২ অক্টোবর ম্যানিলা-দুবাই সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে।
এছাড়া উইজ এয়ার ২৪-২৫ অক্টোবর দুবাই এবং অক্টোবরের শেষ দিকে আবুধাবি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে। লুফথানসা ২৫ অক্টোবর দুবাই-ফ্রাঙ্কফুর্ট ও দুবাই-মিউনিখ ফ্লাইট পুনরায় চালুর কথা জানিয়েছে।
সুইস ২৭ অক্টোবর দুবাই-জুরিখ ফ্লাইট চালু করবে। ইউরোউইংস ১ নভেম্বর বার্লিন ও স্টুটগার্ট থেকে এবং ৩ নভেম্বর কোলোন/বন থেকে দুবাই ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা করেছে।
ব্রিটিশ এয়ারওয়েজ ৩ নভেম্বর দুবাই ফ্লাইট চালুর কথা জানিয়েছে; তবে আবুধাবি ফ্লাইট শীতকাল ২০২৭-২৮ পর্যন্ত স্থগিত থাকবে। অস্ট্রিয়ান এয়ারলাইনস ১২ ডিসেম্বর দুবাই-ভিয়েনা ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা করেছে।
যাত্রীদের জন্য পরামর্শ
আজ বা সপ্তাহান্তে ইউএই থেকে যাত্রা করা যাত্রীদের বাড়ি থেকে বের হওয়ার আগে নির্দিষ্ট ফ্লাইটের অবস্থা যাচাই করতে বলা হয়েছে। বিমানবন্দরে অন্তত তিন ঘণ্টা আগে পৌঁছানো এবং ফ্লাইদুবাইয়ের যাত্রীদের ক্ষেত্রে অন্তত চার ঘণ্টা সময় হাতে রাখার পরামর্শ দেয়া হয়েছে।
সম্ভব হলে অনলাইনে চেক-ইন করে রাখতে, যানজট, চেক-ইন, নিরাপত্তা তল্লাশি ও ইমিগ্রেশনের জন্য অতিরিক্ত সময় রাখতে এবং এয়ারলাইনের কাছে নিজের ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা হালনাগাদ রাখতে বলা হয়েছে।
যাত্রীদের শেষ মুহূর্তের পরিবর্তন, বিলম্ব, বাতিল বা অন্য বিমানবন্দরে ফ্লাইট ঘুরিয়ে দেয়ার (ডাইভারশন) জন্য প্রস্তুত থাকতে এবং বিমানবন্দরে যাওয়ার আগে এয়ারলাইন ও সংশ্লিষ্ট বিমানবন্দরের অফিসিয়াল চ্যানেল থেকে তথ্য যাচাই করতে বলা হয়েছে।
