ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরবের প্রতিরক্ষা হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সেনাপ্রধানদের এক জরুরি বৈঠকের উদ্যোগ নেয়া হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ঐতিহাসিক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই যৌথ বৈঠকে মিলিত হন। এ খবর প্রকাশ করেছে সৌদি গেজেট।
বৈঠকে পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের বিভিন্ন বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হুতিদের হামলার তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে আত্মরক্ষায় জাতিসংঘের সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী যেকোনো পদক্ষেপ নেয়ার বিষয়ে রিয়াদের অধিকার পুনর্ব্যক্ত করেন নেতারা। যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী, সদস্য কোনো একটি দেশের ওপর হামলাকে বাকি সব দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। ফলে বর্তমান পরিস্থিতিতে চুক্তিটির অধীনে সৌদি আরবকে কীভাবে সর্বাত্মক সামরিক ও কৌশলগত সহায়তা দেয়া যায়, তা নির্ধারণ করতেই তিন দেশের সেনাপ্রধানদের এই জরুরি বৈঠক ডাকা হচ্ছে।
বৈঠকে জোটের স্থায়ী সচিবালয়, বিভিন্ন কমিটি এবং ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রাতিষ্ঠানিক অগ্রগতি পর্যালোচনা করেন তিন পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারোওলু সৌদি আরব সফর করবেন বলে নিশ্চিত করেছে রয়টার্স। সফরে তিনি সৌদি ও পাকিস্তানি সেনাপ্রধানদের সঙ্গে এক জরুরি সামরিক বৈঠকে মিলিত হবেন বলে শুক্রবার জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে সীমান্ত এলাকায় মোতায়েন যৌথ বাহিনীর প্রতি একাত্মতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সৌদি গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। যেকোনো আগ্রাসন দৃঢ়তার সঙ্গে প্রতিহত করতে সেনাদের ধৈর্য ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। তীব্র সংঘাতের মধ্যেও এই তিন মিত্র দেশ মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
হুতি বিদ্রোহীদের হামলা
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সেনাপ্রধানদের জরুরি বৈঠকের উদ্যোগ
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৪৯ মিনিট আগে
২৫ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬, ২ঃ০০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
