জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণে তিনি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি মামদানির বিরুদ্ধে ইহুদিবিদ্বেষ ছড়ানোর অভিযোগ তোলেন। জবাবে নেতানিয়াহুর বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যা ঢাকতে নির্লজ্জ মিথ্যাচারের পাল্টা অভিযোগ তোলেন মেয়র মামদানি। বৃহস্পতিবার সাধারণ পরিষদে ৩৭ মিনিটের ভাষণে নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়রের কঠোর সমালোচনা করেন ইসরাইলি প্রধানমন্ত্রী। এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
ভাষণে নেতানিয়াহু দাবি করেন, মামদানি দায়িত্ব নেয়ার পর থেকে নিউইয়র্কের ইহুদিরা আর নিজেদের নিরাপদ মনে করছেন না। গাজায় ইসরাইলি সামরিক অভিযানকে গণহত্যা বলাকে তিনি এই শতকের সবচেয়ে বড় মিথ্যাচার বলে আখ্যা দেন। তবে এই অভিযোগের জবাবে এক বিবৃতিতে মেয়র মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে নিজের যুদ্ধাপরাধ আড়াল করতেই এমন ভিত্তিহীন মিথ্যা ছড়াচ্ছেন নেতানিয়াহু। কোনো মিথ্যাচার দিয়েই যুদ্ধাপরাধের দায় মুছে ফেলা যাবে না।
নেতানিয়াহুর ভাষণ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন না মামদানি। এর আগে তিনি এক ভিডিও বার্তায় নিজের বাসভবনে একটি জলপাই গাছ রোপণ এবং গাজার ফিলিস্তিনি পরিবারের সঙ্গে নৈশভোজের দৃশ্য প্রচার করে শান্তির বার্তা দেন। ইসরাইলে আসন্ন জাতীয় নির্বাচনে নিজের প্রচারণায় দীর্ঘদিন ধরেই মামদানিকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে আসছেন নেতানিয়াহু। এমন তিক্ততার প্রেক্ষাপটে মামদানির সমর্থক ও ডেমোক্রেট নেতারা মন্তব্য করেছেন, নিজের অপরাধের জবাবদিহি এড়াতে ইহুদিবিদ্বেষকে রাজনৈতিক অস্ত্র বানিয়ে মার্কিন ইহুদিদের নিরাপত্তা আরও ঝুঁকিতে ফেলছেন নেতানিয়াহু।
