রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজারে পারিবারিক বিরোধের জেরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মো. সিদ্দিক (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। এর আগে তার ছেলে ইমন মারা যায়।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকের মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সূত্রাপুরের শ্যামবাজারে আগুনের ঘটনায় সিদ্দিকের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত শনিবার বিকেল পৌনে ৫টার দিকে ওই ঘটনায় দগ্ধ পাঁচজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হলে তাদের ভর্তি করা হয়।
চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, বর্তমানে জাতীয় বার্নে আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তানিয়ার শরীরের ৬০ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ এবং ধলু মিয়া (আরিফ) ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তানিয়ার অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজনের শরীরের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলা যেতে পারে।
