কাওরান বাজারে দিনদুপুরে পথচারীকে ছুরিকাঘাত, ছিনতাইকারীকে গণধোলাই

কাওরান বাজারে দিনদুপুরে পথচারীকে ছুরিকাঘাত, ছিনতাইকারীকে গণধোলাই

ফন্ট সাইজ:

রাজধানীর কাওরান বাজারে দিনদুপুরে এক পথচারীকে ছুরিকাঘাত করেছে এক ছিনতাইকারী। এ সময় গুরুতর আহত হওয়ার পরও ছিনতাইকারীকে ধরে ফেলেন ওই পথচারী। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী আজহারুল ইসলামকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল বিকাল ৩টার দিকে কাওরান বাজার মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের সময় ওই পথচারীকে ছুরিকাঘাত করে এক যুবক। এতে তিনি গুরুতর আহত হন। তবে আহত অবস্থাতেই তিনি ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই ব্যক্তিকে মারধর করে পুলিশে সোপর্দ করেন। মোবাইলে ধারণকৃত এক ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় একজন ব্যক্তি অন্য একজনকে মারধর করছেন। যিনি মারধর করছেন তার শরীর রক্তে ভেজা, পিঠে ছুরিকাঘাত ও জামা ছেঁড়া। পাশে থাকা আরও ২-৩ জন ব্যক্তি ছিনতাইকারী বলে মারধর করতে থাকেন।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, ছিনতাইকারী বলবো না, যাকে মারধর করা হয়েছে সে মাদকসেবী। এ ঘটনায় ওই মাদকসেবীকে আটক করেছি। ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— কথাকাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয়েছে। এখনো পর্যন্ত ভুক্তভোগীর নাম-পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।