হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

ফন্ট সাইজ:

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, গত ২১শে সেপ্টেম্বর বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট।

আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে প্রেসিডেন্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের দিন থেকেই এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী ২০২৪ সালের ৮ই অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।

উল্লেখ্য, বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী যুক্তরাজ্য থেকে আইনের ওপর উচ্চশিক্ষা সম্পন্ন করে ২০০৫ সালে জেলা আদালত এবং ২০০৭ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে ২০১৮ সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ব্যক্তিগত জীবনে তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর জ্যেষ্ঠপুত্র।