দেশের স্বাস্থ্য খাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের নেতৃত্বে সংগঠনটির ২০ সদস্যের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
প্রেসিডেন্টের প্রেস উইং জানায়, সাক্ষাতে প্রেসিডেন্ট বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার জন্য স্বাস্থ্য খাতের যে কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য ছিল, সে পর্যায়ে আমরা পৌঁছাতে পারিনি। আমাদের কতোজন ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট ও মেডিকেল যন্ত্রপাতি লাগবে, কী কাঠামো লাগবে তার সঠিক ও সার্বিক কোনো পরিকল্পনা ছিল না।
বর্তমান সরকারের সময়ে জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে এ যাবতকালের সব থেকে বেশি বরাদ্দ দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সুযোগকে কাজে লাগাতে হবে, একটি সুব্যবস্থা গড়ে তুলতে হবে। এ সময় স্বাস্থ্য খাতের উন্নয়নে নতুন ডাক্তার নিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও যন্ত্রপাতি ক্রয়ে যথাযথ পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন তিনি। একইসঙ্গে পদোন্নতি ও পদায়নে বিগত দিনের তদবির সংস্কৃতি বন্ধ করে যোগ্য ব্যক্তিদের সঠিক পদে পদায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রেসিডেন্ট। এ ছাড়া চিকিৎসকবৃন্দকে গবেষণা কার্যক্রমে আরও শক্তিশালী ভূমিকা রাখার অনুরোধ করেন তিনি।
প্রেসিডেন্ট বলেন, দেশের যত্র-তত্র ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে নষ্ট করে ফেলছে। তিনি এসব প্রতিষ্ঠানকে একটি যথাযথ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের মধ্যদিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জুলাই গণ-অভ্যুত্থান এবং বিগত ফ্যাসিস্ট শাসন আমলের অত্যাচার-নির্যাতনে আহত নেতাকর্মী ও তার নিজের চিকিৎসায় আন্তরিক সাহায্য ও সহযোগিতার জন্য চিকিৎসকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সাক্ষাতে বর্তমানে দায়িত্ব পালনরত অবস্থায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় আশঙ্কা প্রকাশ করে ড্যাবের প্রধান উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, এ সকল ঘটনায় চিকিৎসকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে। তিনি এ ধরনের ঘটনা বন্ধে সরকারের সহযোগিতা কামনা করেন।
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়ে সকল অংশীজনকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য খাতের বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট: বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে তিনি মাছের পোনা অবমুক্ত করেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের প্রেস উইং। প্রেস উইং জানায়, সকালে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রেসিডেন্ট রুই (১৬০ কেজি), কাতলা (১২০ কেজি) মৃগেল (৮০ কেজি), কালিবাউস (৪০ কেজি) মাছের পোনা অবমুক্ত করেন।
ওদিকে দুপুরে বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (সিইউএসটি) বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সাক্ষাতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও উদ্ভাবনী শিক্ষা এবং গবেষণার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। একইসঙ্গে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি।
ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনার আহ্বান: দেশের ব্যাংকিং ব্যবস্থার উপর জনগণের আস্থা পুনরুদ্ধার ও ব্যাংকিং সেক্টরের হৃতগৌরব ফিরিয়ে আনতে কাজ করার জন্য ব্যাংক মালিক ও ব্যাংকার্স নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বঙ্গভবনে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস’র (বিএবি) সভাপতি আব্দুল হাই সরকারের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ২৬টি ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অন্যদিকে গতকাল বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটর নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সাক্ষাতে নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।
