কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বনানী থানার সাংগঠনিক সম্পাদক, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের কথিত উপদেষ্টা সুফি সাগর শামসকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করে এ আদেশ দেন। গত ২৩শে আগস্ট রামপুরা থানার একটি মামলায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালত শর্তসাপেক্ষে জামিন দিলে তিনি ফের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়ান। এরই পরিপ্রেক্ষিতে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সুফি সাগরের বিরুদ্ধে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ১১ই সেপ্টেম্বর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল সংঘটনে তিনি অর্থ সরবরাহ করেছেন। এ ছাড়া ২০২৪ সালের জুলাইয়ে যাত্রাবাড়ীতে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গেও তার সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে ৩০শে মার্চ ২০২৪ পল্টন এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে সুফি সাগরকে গ্রেপ্তার করেছিল ডিবি’র সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। ডিবি’র দাবি, তিনি কথিত মানবাধিকার সংগঠনের পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে টার্গেট করে চাঁদা আদায় করতেন এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সামাজিকভাবে হেয় করার ভয় দেখাতেন।
ডিবি আরও জানায়, সুফি সাগর ভুয়া পিএইচডি ডিগ্রির সনদ ও ‘ডক্টর’ পরিচয় ব্যবহার করতেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একাধিক ভিজিটিং কার্ড ও একটি কথিত ভুয়া ডক্টরেট সনদ জব্দ করা হয়।
