হোল্ডিং কর প্রদানে অনলাইন সিস্টেম চালু সিসিকের

ফন্ট সাইজ:

এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) হোল্ডিং কর পরিশোধ করা যাবে। এ লক্ষ্যে নাগরিকদের জন্য সিসিকের একটি উন্মুক্ত অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। বুধবার নগর ভবনের সভাকক্ষে সিসিকের নতুন হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে এবং নাগরিক সেবাও ক্রমেই সহজ ও প্রযুক্তিনির্ভর হচ্ছে। নাগরিকদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে দুর্ভোগ কমানো এবং কম সময়ে সহজে সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

নতুন পোর্টালে মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করে নিজের হোল্ডিং যুক্ত করলে নাগরিকরা মালিকের নাম, গৃহের বিবরণ, বার্ষিক মূল্যায়ন এবং বিভিন্ন বছরের বকেয়া করের তথ্য দেখতে পারবেন। একইসঙ্গে বিল প্রিন্ট করা এবং অনলাইনেই কর পরিশোধের সুবিধা পাওয়া যাবে। সেবাটি ২৪ ঘণ্টা চালু থাকবে। বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মতো মোবাইল ব্যাংকিং সেবা, ভিসা ও মাস্টারকার্ডসহ দেশি-বিদেশি কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে কর পরিশোধ করা যাবে। পরিশোধ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে নাগরিকের মোবাইল ফোনে বাংলায় এসএমএসের মাধ্যমে ই-রসিদ পাঠানো হবে। তবে ব্যাংক কাউন্টারে কর পরিশোধের প্রচলিত ব্যবস্থাও আগের মতো চালু থাকবে। পোর্টালে চলতি বছরের বিলের পাশাপাশি আগের বছরগুলোর বিল ও পরিশোধের তথ্যও দেখা যাবে। প্রয়োজনে পুরনো রসিদ পুনরায় প্রিন্ট করা যাবে।

এ ছাড়া, কর মূল্যায়ন নিয়ে কোনো নাগরিকের আপত্তি থাকলে তা অনলাইনেই দাখিল করার সুযোগ থাকবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিৎ দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন এবং আইটি কনসালটেন্ট মো. সাদাত হোসেন খান। উপস্থিত ছিলেন— সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিসিক ও এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।