চালু হলো সেভ রংপুর

ফন্ট সাইজ:

রংপুরে আইনশৃঙ্খলার উন্নতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলায় তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফরম ‘সেভ রংপুর’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্ল্যাটফরমের প্রতিষ্ঠাতা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলাম, রংপুর মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারি রাজ। ‘সেভ রংপুর’ প্ল্যাটফরমের প্রতিষ্ঠাতা আল মামুন বলেন, আমাদের আশপাশে মাদক কারবারসহ বিভিন্ন ধরনের অপরাধ ঘটেই চলেছে।

অনেক ক্ষেত্রে দেখা যায়, এসব অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে ক্ষমতাধরদের ভালো সম্পর্ক থাকায় আমরা অভিযোগ করতে ভয় পাই। সেজন্য আমরা প্ল্যাটফরমটি এমনভাবে তৈরি করেছি যে, এর মাধ্যমে নিজের পরিচয় গোপন রেখে আশপাশে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ করা যাবে। রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে এই প্ল্যাটফরম অনেক কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি। এর মাধ্যমে রংপুরবাসী যে অভিযোগগুলো করবে, সেটি সরাসরি পুলিশ-প্রশাসনের কাছে চলে আসবে। এতে অভিযোগকারীর সকল তথ্য গোপন থাকবে।