জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফন্ট সাইজ:

জামালপুর সদর উপজেলায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে জিয়াউর রহমান (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রানাগাছা ইউনিয়নের চরগোবিন্দবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়াউর চরগোবিন্দবাড়ী গ্রামের গণি মিয়ার ছেলে। পেশায় তিনি কৃষক এবং তিনি চরগোবিন্দবাড়ী পুরাতন জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে জিয়াউর রহমান জিয়া বৃষ্টির মধ্যে কৃষিজমির আইল কাটছিলেন।

এ সময় বিকট আওয়াজে আকাশ থেকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। রানাগাছা ইউনিয়ন পরিষদের সদস্য সুরুজ্জামান ফকির জানান, আমাদের এলাকার কৃষক জিয়াউর রহমান জিয়া মাঠের জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।