নবীনগরে ইকবালের দাফন সম্পন্ন তিনদিনেও মামলা হয়নি

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধের জেরে হামলায় নিহত মো. ইকবাল হোসেনের (৪০) পোস্টমর্টেম শেষে বুধবার সন্ধ্যায় দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও ঘটনার তিনদিনেও থানায় কোনো মামলা হয়নি। এর আগে গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের ভোরের বাজার এলাকায় হামলার শিকার হন ইকবাল। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে বাঞ্ছারামপুরে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দেবিদ্বারে নেয়া হলে মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইকবাল খাগাতুয়া উত্তরপাড়ার বাসিন্দা ও একই গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জেরে তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় স্থানীয় কয়েকজন আলম, হালিম ও সাদ্দাম নামে তিনজনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তুলেছেন। নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, মামলা করার জন্য লোকজন আসছিল। কিন্তু নিহতের স্ত্রী না আসায় মামলা হয়নি। মামলার বাদী নিহতের স্ত্রী হতে হবে।