মালয়েশিয়া থেকে দেশে ফেরা বন্ধুকে ঢাকার বিমানবন্দর থেকে আনতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জয়পুরহাটের ক্ষেতলাল ও আক্কেলপুরের দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রবাসী সুজন মিয়াসহ আরও সাতজন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাতের শেষ দিকে বগুড়ার শেরপুর উপজেলার ৯ মাইল এলাকায় ট্রাকের সঙ্গে হায়েস মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ক্ষেতলাল উপজেলার কুঠিপাড়া গ্রামের আছের আলীর ছেলে জোবায়ের হোসেন (২৭) এবং আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর পূর্বপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস (২২)।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াফেরত বন্ধু সুজনকে নিয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হন জোবায়ের ও চালক ফেরদৌস। ভোর আনুমানিক ৪টার দিকে ৯ মাইল এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জোবায়ের ও ফেরদৌস নিহত হন।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জোবায়েরের আট বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বগুড়া শেরপুর হাইওয়ে থানার এসআই শাহ আলম জানান, দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ছে।
