দৌলতপুরে ছড়িয়েছে অ্যানথ্রাক্স আক্রান্ত ৫৪

দৌলতপুরে ছড়িয়েছে অ্যানথ্রাক্স আক্রান্ত ৫৪

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে ছড়িয়েছে অ্যানথ্রাক্স রোগ। উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অ্যানথ্রাক্স (তড়কা) রোগ ছড়িয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ রোগের উপসর্গ নিয়ে রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছেন। গত আগস্ট মাস থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ উপজেলায় মোট ৫৪ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, বর্তমানে ২৪ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত আগস্ট মাসে ৩০ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এ পর্যন্ত ৫ জন রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসা শেষে তারাও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অ্যানথ্রাক্সে আক্রান্তদের মধ্যে উপজেলার তারাগুনিয়া এলাকার সাধন, ফিলিপনগর এলাকার রোহান, হোসেনাবাদ এলাকার আফরিন, সাদিপুর এলাকার মিনহাজ, আমদহ এলাকার সুমন, গোয়ালগ্রাম এলাকার রবিউল, রিফায়েতপুর এলাকার আসমান, ইব্রাহিম ও পচামাদিয়া এলাকার সোহেল রানাসহ বিভিন্ন এলাকার রোগী রয়েছেন। উপজেলার মথুরাপুর এলাকার তাসেন আলী (৪০) চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, অ্যানথ্রাক্স গবাদিপশু থেকে মানুষের মধ্যে ছড়ায়। আক্রান্ত গরু-ছাগল জবাই করা কিংবা এসব পশুর মাংস ও দেহাবশেষ নাড়াচাড়া করার মাধ্যমে মানুষ আক্রান্ত হতে পারে। তাই জনসচেতনতা বাড়াতে হবে এবং অসুস্থ বা অ্যানথ্রাক্স আক্রান্ত গবাদিপশু জবাই ও কেনাবেচা থেকে বিরত থাকতে হবে। তিনি আরও জানান, গত আগস্ট মাস থেকে বৃহস্পতিবার পর্যন্ত দৌলতপুরে মোট ৫৪ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর ৫ জন রোগীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়ার পর তারাও সুস্থ হয়েছেন।