মিলেমিশে খাল দখল

মিলেমিশে খাল দখল

ফন্ট সাইজ:

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের উত্তর বাহ্রা এলাকায় সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ইতিমধ্যে উত্তর বাহ্রা খাল ভরাট করে তৈরি করা হয়েছে চলাচলের রাস্তা। এখন সেই রাস্তার দুই পাশে একের পর এক জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে একের পর এক স্থাপনা। এতে দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে স্থানীয়দের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তাটি। স্থানীয়রা জানান, একসময় উত্তর বাহ্রা খাল দিয়ে পানি চলাচল করলেও পরবর্তীতে খালটি ভরাট করে রাস্তা তৈরি করা হয়। বর্তমানে সেই রাস্তার জায়গাও ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে। সর্বশেষ বুধবার স্থানীয় বাসিন্দা শাহিনুর রহমান রাস্তার পাশের খালের জায়গা দখল করে দেয়াল নির্মাণ শুরু করেছেন। এনিয়ে নিয়ে এলাকায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

সরজমিন দেখা যায়, খালের জায়গায় দখল করে পাকা দেয়াল নির্মাণকাজ করা হচ্ছে। এ সময় নির্মাণ শ্রমিকদের না পেলেও কথা হয় অভিযুক্ত শাহিনুর রহমানের সঙ্গে। প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন খালের জায়গা দখলের কথা। শাহিনুর রহমান বলেন, শুধু আমি না— অনেকেই খাল দখল করে স্থাপনা নির্মাণ করেছে। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের নিয়ে ঘুরে ঘুরে দখলকৃত বিভিন্ন স্থাপনা দেখান। স্থানীয় বাসিন্দারা জানান, আগে খাল ছিল, পরে সেটি ভরাট করে রাস্তা করা হয়েছে। এখন রাস্তার জায়গাও যদি দখল হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের চলাচলের সমস্যা হবে। বিভিন্ন সময় দখল হতে হতে এখন অনেক জায়গায় সরু হয়ে গেছে।

এলাকাবাসীর অভিযোগ, খালের বিভিন্ন অংশে দখল থাকলেও দীর্ঘদিন ধরে তা উচ্ছেদে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ফলে দখলদাররা একের পর এক স্থাপনা নির্মাণের সুযোগ পাচ্ছেন। দ্রুত রাস্তার সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ এবং নতুন করে দখল ও স্থাপনা নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া অনুরোধ জানান তারা।