রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে টাকা দাবি, গ্রেপ্তার ৩

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে টাকা দাবি, গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সহপাঠীর সঙ্গে থাকা একটি ভিডিও ফেসবুকে ছড়ানোর ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি করায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো— একই উপজেলার ডাকবাংলো এলাকার তারেক রাব্বী (৩৬), বাজিয়ারপাড়া গ্রামের হোসেন আলী (৪৮) ও বেড়াকুচাটিয়া গ্রামের চয়ন ইসলাম (২৭)। ভুক্তভোগী যশোর জেলার কোতোয়ালি থানার রামনগর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রী শাহজাদপুর ডাকবাংলোপাড়া মহল্লার বিপ্লব কুমারের ভবনের তৃতীয় তলায় আবাসিক হিসেবে ভাড়া থাকেন। কিন্তু গত ২১শে সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে ওই ছাত্রী তার এক ছেলে সহপাঠীকে নিয়ে রুমে প্রবেশ করেন। পরে ওই ভবনে চতুর্থ তলায় থাকা সিসিটিভি ফুটেজ নিয়ন্ত্রণে যুক্ত বিকাশ অফিসের ব্যক্তিরা ভিডিওটি সংরক্ষণ করে। পরবর্তী ২৩শে সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ওই ছাত্রীকে ডেকে সেই ভিডিও ফুটেজ দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি করে। সেইসঙ্গে এদিন বিকালের মধ্যে টাকা না দিলে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়া হবে বলেও তারা হুমকি দেয়।
এদিন টাকা না দেয়ায় শিক্ষার্থীকে আবার রাত সাড়ে ৮টার দিকে তারা বিকাশ অফিসে ডেকে নেয়। এ সময় টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার গলায় থাকা স্বর্ণের চেইন দাবি করে। একপর্যায়ে অন্যদের বাইরে পাঠিয়ে তারেক রাব্বী তাকে দেয়ালের সঙ্গে চেপে ধরে জোরপূর্বক শ্লীলতাহানি এবং ধর্ষণের উদ্দেশ্যে পরনের পোশাক খুলে ফেলার চেষ্টা করে। এ সময় তিনি নিজেকে ছাড়িয়ে রুম থেকে বের হওয়ার চেষ্টা করলে হোসেন আলী তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করে। পরে কান্নারত অবস্থায় বের হয়ে এলে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারেন। এরপর অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।