বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ডভ্যানসহ পাঁচজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা হলো— পটুয়াখালীর রাঙ্গাবালীর সোহাগ সরদার (৩২), একই উপজেলার সাগর হাওলাদার (৩৮), কুয়াকাটার মহিপুর এলাকার মঞ্জু মোল্লা (৩২), কলাপাড়া উপজেলার রেজাউল গাজী (৩৭) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিল্লাল হাওলাদার (৪৫)।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদে বুধবার দিবাগত রাত ২টার দিকে পাথরঘাটার কাকচিরা ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৩ হাজার ৫০৭টি শাড়ি এবং ১৪৬৬টি পাঞ্জাবি উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যগুলোর বাজারমূল্য প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। পরে শাড়ি ও পাঞ্জাবিসহ ট্রলার ও কাভার্ডভ্যানটি জব্দ এবং চোরাচালানে জড়িত পাঁচজনকে আটক করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। পাথরঘাটা থানার ওসি আবদুল আলীম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করবে পুলিশ।
