বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গুরু লোডভিক ডি ক্রুইফ বয়সভিত্তিক দলের দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন। অনূর্ধ্ব-১৭ দলের কোচিং করাবেন ৫৫ বছর বয়সী এ ডাচ কোচ। দায়িত্ব বুঝে নিতে আজ যশোরের শামসুল হুদা একাডেমিতে দলের সঙ্গে যোগ দেবেন ক্রুইফ। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভিন্ন মেয়াদে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি। দায়িত্বে থাকাকালীন ১৬ ম্যাচে বাংলাদেশ মাত্র দুটি ম্যাচে জয় পায়। বাংলাদেশ দলের দায়িত্ব থেকে বিদায় নেয়ার পর অ্যামেচার ক্লাব নিয়ে কাজ করেছেন তিনি। পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন ক্রুইফ। এবার তাকে ভিন্ন ভূমিকায় ফিরিয়ে এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্বে থাকবেন দুই মাসের জন্য।
আগামী ৮ই নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের বাছাই পর্ব। এ প্রতিযোগিতায় সিরিয়া, ভুটান, ম্যাকাও ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের গ্রুপে রয়েছে বাংলাদেশ। মূলত এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে ডি ক্রুইফকে ফেরানো হয়। গত জুনে বয়সভিত্তিক দলের জন্য ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে দু’বছরের জন্য নিয়োগ দিয়েছিল বাফুফে। কিন্তু বিতর্কিত কর্মকাণ্ড ও দলের বাজে পারফরম্যান্সের জন্য দায়িত্ব নেওয়ার দুই মাস পরই বরখাস্ত হয়েছেন এই কোচ।
