নাটকীয়তার পর অবশেষে মাঠে গড়াচ্ছে আবাহনী লিমিটেড ও নবাগত চট্টগ্রাম সিটি এফসির মধ্যকার ফেডারেশন কাপের ম্যাচ। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বিকাল ৩টায় মুখোমুখি হবে দু’দল। ফেডারেশন কাপের উদ্বোধনী দিন ২২শে সেপ্টেম্বর ম্যাচটি হওয়ার কথা থাকলেও আবাহনীর আবেদনের প্রেক্ষিতে সূচিতে দুই দফা বদল আনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘরোয়া ফুটবলের এবারের মৌসুমের শুরুতে দল গড়া নিয়ে বিপাকে ছিল আবাহনী।
ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে দল গঠন করলেও লীগ শুরুর আগে মাত্র দুইদিন অনুশীলন করতে পারে আকাশি-নীলরা। প্রস্তুতির ঘাটতির ছাপ দেখা গেছে বাংলাদেশ ফুটবল লীগের প্রথম রাউন্ডে। পিডব্লিউডির বিপক্ষে গোলশূন্য ড্র করে মৌসুম শুরু করে আবাহনী। জাতীয় দলের দুই তারকা শেখ মোরসালিন ও মিতুল মারমাকে ছাড়া সেইদিন মাঠে নামে ক্লাবটি। পূর্ণ শক্তির দল না পেলেও রক্ষণে বেশ সংগঠিত ছিল আকাশি-নীলরা। আজও পূর্ণ শক্তির দল নিয়ে নামতে পারবে না আবাহনী। ফেডারেশন কাপে তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও চ্যালেঞ্জ থাকছে মারুফুল হকের শিষ্যদের। আবাহনী বিএফএলে তাদের প্রথম ম্যাচে পয়েন্ট হারালেও নবাগত চট্টগ্রাম এফসি কঠিন বাস্তবতা দেখেছে। ফর্টিস এফসির কাছে ৬-০ গোলে হেরেছে তারা। শীর্ষ পর্যায়ের ফুটবলে মানিয়ে নেয়ার লড়াইয়ে থাকা দলটির জন্য আবাহনী কঠিন প্রতিপক্ষ বলা চলে।
ফেডারেশন কাপে ‘এ’ গ্রুপে আবাহনীর সঙ্গী ফর্টিস এফসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও চট্টগ্রাম সিটি। এদের মধ্যে শুধু ব্রাদার্স ও রহমতগঞ্জেরই আছে এই আসরের ফাইনাল খেলার অভিজ্ঞতা।
ফলে কাগজে-কলমে এই গ্রুপে আবাহনীর সামনে সমীকরণ তুলনামূলক সহজ। শিরোপা-খরা কাটানোর মিশনেও থাকছে বাড়তি তাগিদ। সবশেষ ২০২১-২২ মৌসুমে ফেডারেশন কাপ জেতা আবাহনী এরপর দুইবার ফাইনালে উঠেও শিরোপা ঘরে তুলতে পারেনি— একবার মোহামেডানের কাছে, আরেকবার বসুন্ধরা কিংসের কাছে হেরে। তাই মৌসুমের শুরুতেই জয় দিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্য থাকবে দলটির।
