মৌলভীবাজার-১ আসনে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম নির্বাচনে বিজয়ী হলে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, পর্যটন ও অবকাঠামো উন্নয়নসহ গ্রামীণ জনগোষ্ঠী এবং চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন। সোমবার দুপুরে বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে জুড়ী ও বড়লেখার সাংবাদিকদের সামনে তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে মোট ১৭টি পৃথক পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। ইশতেহারে জুড়ীতে মহিলা কলেজ প্রতিষ্ঠা, এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল কলেজকে এমপিওভুক্ত করা এবং বড়লেখা সরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স চালুর পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা উন্নয়ন, শিক্ষাবৃত্তি ও ক্যারিয়ার গঠনে সহায়তার বিষয়েও তিনি পরিকল্পনা তুলে ধরেন। স্বাস্থ্য খাতের উন্নয়নে বড়লেখা ও জুড়ী উপজেলার দু’টি স্বাস্থ্যকেন্দ্রে শয্যা সংখ্যা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং নিয়মিত এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন আমিনুল ইসলাম। তিনি বলেন, দুই উপজেলার জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে। পাহাড়, চা-বাগান ও হাকালুকি হাওরের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখে পর্যটকদের আকর্ষণে বাস্তবভিত্তিক প্রকল্প গ্রহণ করা হবে। একই সঙ্গে জলাভূমিনির্ভর জনগোষ্ঠীর জীবন-জীবিকার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। আমিনুল আরও বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক নিরাপত্তা জোরদার করা হবে। নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করা, প্রতিবন্ধী ও বয়স্কদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজি দমনে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। অদক্ষ ও বেকার তরুণ-তরুণীদের কর্মক্ষম করে তুলতে আইটি ও আউটসোর্সিংসহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনার কথাও জানান- তিনি। চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে তাদের আবাসন ব্যবস্থা, ন্যায্য মজুরি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শ্রমিক নারীদের সন্তান লালন-পালনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান- তিনি। অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে কুলাউড়া-চান্দ্রগ্রাম আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করা, বড়লেখায় একটি স্টেডিয়াম নির্মাণ, জুড়ী শহরকে পৌরসভায় উন্নীত করা, জুড়ী উপজেলার কাপনা পাহাড় থেকে তেঘরি ঘাট পর্যন্ত সড়ক নির্মাণ এবং জুড়ী লাঠিটিলা থেকে বোবারতল হয়ে শাহবাজপুর পর্যন্ত বিস্তৃত সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণের কথাও তিনি উল্লেখ করেন।
মৌলভীবাজার-১
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের অঙ্গীকার আমিনুলের
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
