দারুল আরকাম মাদরাসার শিক্ষক-শিক্ষিকাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করার সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আল্লামা মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তিনি বলেন, দারুল আরকাম মাদরাসার শিক্ষক-শিক্ষিকারা সারা দেশে নিরলসভাবে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন। দীর্ঘ দিন যাবত তাদের বেতন-ভাতাদি বন্ধ ছিল। মাদরাসা শিক্ষকদের সামাজিক মর্যাদা দেয়া না হলে সমাজ পিছিয়ে যাবে এবং আদর্শ নাগরিক তৈরির কার্যক্রম ব্যাহত হবে। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সামাজিক সমস্যা সমাধানে দারুল আরকাম মাদরাসার শিক্ষক-শিক্ষিকারা অগ্রণী ভূমিকা পালন করছেন।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, দুর্নীতি, মাদক,নারী নির্যাতনসহ সামাজিক সমস্যা সমাধানে দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা ও সহায়ক কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠানে মহাপরিচালক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইফার প্রকল্প পরিচালক মো.আনিসুজ্জামান সিকদারের সভাপতিত্বে এবং সমিতির সিনিয়র সহসভাপতি মুফতি নাজমুল হুদার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণরসের সিনিয়র সদস্য মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, বোর্ড সদস্য মুফতি আজাহারুল ইসলাম, বোর্ড সদস্য মুফতি শরীফ উল্লাহ। বক্তব্য রাখেন, ইফা সচিব শেখ মুর্শিদুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ইফা পরিচালক মো.মহিউদ্দিন,বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মুফতি জয়নুল আবেদীন, প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম ও জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এম এ বারি। মতবিনিময় সভায় দারুল আরকাম মাদরাসার শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে কতিপয় দাবি তুলে ধরা হয়। দাবি সমূহ হচ্ছে, দারুল আরকাম মাদরাসার শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল ও উপবৃত্তির ব্যবস্থা করতে হবে।
