মাদকাসক্ত ছেলের দেয়া আগুনে বসতঘর পুড়ে ছাই

মাদকাসক্ত ছেলের দেয়া আগুনে বসতঘর পুড়ে ছাই

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকের টাকার জন্য পিতা-মাতার সঙ্গে ঝগড়া করে নিজের বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে ফুল মিয়া নামের মাদকাসক্ত এক তরুণ। এতে পরিবারের সদস্যরা হারিয়েছে মাথা গোঁজার ঠাঁই। মাদকাসক্ত ওই ছেলের এ ধরনের আচরণে অসহায় পিতা-মাতা নিজ সন্তানের ফাঁসির দাবি করেছেন। বুধবার দিবাগত রাতে কুলিয়ারচর পৌর এলাকার ১নং ওয়ার্ডের বড়খারচর মহল্লার আবু বক্করের বড় ছেলে মাদকাসক্ত ফুল মিয়া নিজ বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। আগুনে ঘরের আসবাবপত্র, পোশাক, বই-খাতা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ১৫টি হাঁস ও প্রায় ৪০টি মুরগি পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় ফুল মিয়া বাড়ির সামনের একটি দোকানে বাকিতে সওদা চায়। দোকানদার আবুল হোসেন (৬০) বাকি দিতে অস্বীকৃতি জানালে ফুল মিয়া তাকে লোহার রড দিয়ে মারধর করেছে বলে অভিযোগ ওঠে। পরে ফুল মিয়ার পিতা-মাতা দোকানদারকে মারধরের কারণ জানতে চাইলে ফুল মিয়া উত্তেজিত হয়ে বাবা আবু বক্কর, মা রুবিনা বেগম ও বোনের সঙ্গে বাকবিতণ্ডা এবং ঝগড়াঝাটি শুরু করে। একপর্যায়ে মাদকাসক্ত ফুল মিয়া তার মা ও বোনকে দা নিয়ে আক্রমণ করতে উদ্যত হয়। এতে পরিবারের সদস্যরা ভয়ে নিজেদের নিরাপত্তার জন্য বাড়ির বাইরে গিয়ে স্থানীয় লোকজনকে ডেকে আনার চেষ্টা করেন। আর এই সুযোগে ফুল মিয়া ঘরের ভেতরে খাটের উপর বালিশে আগুন ধরিয়ে বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়। এর একপর্যায়ে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আবু বক্কর বাদী হয়ে মাদকাসক্ত ছেলে ফুল মিয়ার বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুল মিয়াকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।