খুলনায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এ অঞ্চলে ডেঙ্গুর সংক্রমণ ও প্রকোপ অব্যাহত রয়েছে।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে সরকারি হাসপাতালে ২৪৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৩ জন চিকিৎসা নিতে ভর্তি হন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এবং এর ফলে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে অদ্যাবধি খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৯১৫ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪৮৩ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯৯ জন রোগী। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে মোট ২৯৪ জনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, খুলনা জেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি রয়েছে। এই জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৪৫৩ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৪৮৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।