‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখবো’— বলা সেই চেয়ারম্যানকে শোকজ

ফন্ট সাইজ:

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখবো’— বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্য দেয়ায় ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লার (৫৫)কে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি ভাইরাল হওয়ার পর মঙ্গলবার সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন স্বাক্ষরিত শোকজ চিঠি ওই ইউপি চেয়ারম্যানের কাছে পাঠানো হয়। এতে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউএনও দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রশাসন সূত্রে জানা যায়, শোকজ চিঠিতে উল্লেখ করা হয়েছে— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ২ নম্বর যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখবো’ ধরনের উস্কানিমূলক কথা বলতে দেখা গেছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও জনরোষের সৃষ্টি হয়েছে। যা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (৪) (খ) ধারা অনুযায়ী পরিষদ বা রাষ্ট্রের স্বার্থবিরোধী কার্যকলাপ এবং অসদাচরণের শামিল। আইন অনুযায়ী কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, চিঠিতে তা জানতে চাওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত ঘটে গত সোমবার রাত ৮টার দিকে। যদুনন্দী ইউনিয়নের উজিরপুর বাজারে নিজ সমর্থকদের উদ্দেশ্যে একটি বক্তব্য দেন চেয়ারম্যান রফিকুল ইসলাম। বক্তব্যের ১০ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।