ছাতকে রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭০

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের ছাতকের চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামে রাস্তা নির্মাণ ও পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সকালে সংঘটিত সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, চানপুর গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের ছেলে সাবেক মেম্বার কমর উদ্দিন এবং মশক আলীর ছেলে রুশমত আলীর পক্ষের লোকজনের মধ্যে পূর্ববিরোধ চলছিল। গতকাল সকালে এক পক্ষ চানপুর গ্রামের কাপনা চলতি নদীতে বাঁধ সৃষ্টি করে রাস্তা নির্মাণ করতে গেলে অন্য পক্ষ তাতে বাধা দেন। এর জেরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হন বলে জানা গেছে।

সংঘর্ষে আহতরা হলেন— রবি আলী (৫৫), জালু মিয়া (৫০), ইসলাম উদ্দিন (৫৫), মুজিবুর রহমান (৫০), ময়নুল হক (২৭), আব্দুল আজিদ (২৮), ইকবাল হোসেন (৩১), নজরুল হক (২৬), তোফাজ্জল হোসেন (৪০), আবুল বশর (৪৫), তোফায়েল আহমেদ (২২), সুয়েব আহমদ (২৬), এমদাদুল ইসলাম (১৮) ও রাজ উদ্দিন (৩৫), আঙ্গুর আলম (২৫), সাজুউদ্দীন (৩৫), মুজাম্মীল (৩৫), হেলাল (৪০), তারিছ মিয়া (৪৪), ফারুক মিয়া (৫০), সৈয়দ মিয়া (৫০) সহ গুরুতর আহত অন্তত ৩০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয় কৈতক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের মোস্তফা কামাল জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয়পক্ষের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।