নড়াইলের কালিয়ার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাসান চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে। এর আগে গত বুধবার সকাল ৯টার দিকে আবেদ আলী ও সোহেল গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন হাসানসহ আরও অনেকে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সংঘর্ষে গুরুতর আহত রাসেল নামে আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায়। এদিকে, হাসানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী জানান, এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। ঘটনায় জড়িতদের আটকের প্রক্রিয়া চলছে।
