দিনাজপুরে হাবিপ্রবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২১তম ব্যাচের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাবিপ্রবি সংলগ্ন বিসিএস গলির ফজিলা মেস থেকে সিনথিয়া নামের ওই ছাত্রীর বাড়ি গাজীপুর জেলায়। বুধবার রাতে কোতোয়ালি থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই ছাত্রী আত্মহত্যা করতে পারে। অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে জানা যাবে। তিনি আরও বলেন, নিহতের স্বজন বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ পেলে অধিকতর তদন্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত মেসের অন্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই গল্প করেছেন। সকালে আশপাশের রুমের কয়েকজন ডাকাডাকি করলেও তার সাড়া পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব দেননি সহপাঠীরা।

ক্যাম্পাস বন্ধ থাকায় সারাদিন কারও সঙ্গে দেখা-সাক্ষাৎও হয়নি সিনথিয়ার। পরে বুধবার সন্ধ্যার পর মেসের ভাড়া-সংক্রান্ত মিটিংয়ের জন্য আবারো ডাকতে গিয়ে সাড়া না পেয়ে মেস মালিককে খবর দেয় অন্যরা। পরে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবুল কালাম বলেন, সন্ধ্যার কিছু পর জানতে পারি একটি মেসে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। পরে প্রো-ভিসিসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থল পরিদর্শন করি। পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে।