উৎফুল্ল বিএনপি, আওয়ামীলীগ কি করবে?

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেকের ভাষণ

উৎফুল্ল বিএনপি, আওয়ামীলীগ কি করবে?

ফন্ট সাইজ:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সময় বিকাল ৫ টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে বিকালে তার ভাষণের সময় বাংলাদেশে মধ্যরাত (রাত তিনটা)। অধিবেশনের সাধারণ বিতর্কে এটি হবে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া কর্মসূচিতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয় ভাষণে গুরুত্ব পাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের আরেকটি দিক হলো, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সভাপতিত্বে চলা অধিবেশনেই বাংলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণের দিনে বিএনপির নেতা-কর্মীরা বেশ উৎফুল্ল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর, কানাডা (পূর্ব ও পশ্চিম), যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশের বিএনপির নেতারা এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র চলে এসেছেন। আওয়ামী লীগের নেতারাও এসব দেশ থেকে চলে এসেছেন। এজন্য বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল গ্র্যান্ড হায়াতের সামনে বিএনপি ও আওয়ামী লীগের নেতারা স্লেগান যুদ্ধে জড়িয়ে যান। দুই দল রাস্তার দুই পাশ থেকে স্লোগান দেয়ার কারণে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নিউইয়র্ক পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, দুই দলই ব্যাপক প্রস্ততি নিয়েছে।

রাষ্ট্র বা সরকার প্রধানদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকগুলো নিয়ে আলোচনা: নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় মধ্যপ্রাচ্যের সংঘাতের শান্তিপূর্ণ সমাধান, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, রেমিট্যান্স, জ্বালানি সরবরাহ এবং হরমুজ প্রণালিতে পণ্য পরিবহনের ওপর সংঘাতের প্রভাব নিয়ে বাংলাদেশের উদ্বেগ তুলে ধরা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠকের পর এসব তথ্য জানান। এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বাণিজ্য এবং বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সঙ্গেও তারেক রহমানের বৈঠক হয়েছে। এসব বৈঠকের বাইরে পশ্চিমা বিশ্বের রাষ্ট্র বা সরকার প্রধানের বৈঠক না হওয়ার বিষয়টি নিয়ে অনেকেই আলোচনা করছেন।

১১ টি নতুন বিমান কেনায় চুক্তি: দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের জন্য যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন এ তথ্য জানিয়ে বলেন, বোয়িংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে। সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আরও ১১টি বোয়িং বিমান কেনার বিষয়ে চুক্তি করেছে।’ তিনি বলেন, মার্কিন সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা, মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্ডাউ, আন্ডার সেক্রেটারি অব কমার্স উইলিয়াম কিমিট, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, বাংলাদেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এয়ারবাসের সঙ্গেও প্রয়োজন অনুযায়ী আলোচনা হতে পারে।

বাংলাদেশ চাহিদার ভিত্তিতেই বিমান কিনবে উল্লেখ করে মাহদী আমিন বলেন, ‘বাংলাদেশের এভিয়েশন সেক্টর সম্প্রসারিত হচ্ছে, নতুন নতুন রুট চালুর পরিকল্পনা রয়েছে। এ কারণে নতুন উড়োজাহাজ প্রয়োজন।’ বোয়িং প্রতিনিধিদল পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বলেও জানান তিনি।