নোয়াখালীতে দুই সাংবাদিকের ওপর  হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ফন্ট সাইজ:

নোয়াখালীর সোনাইমুড়ীতে দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলা ও থানায় মামলা না নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বুধবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সোনাইমুড়ীর ফয়েজিয়া এতিমখানায় এতিমদের জন্য বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর দৈনিক আমাদের সময়ের সোনাইমুড়ী প্রতিনিধি ও দৈনিক নোয়াখালীর কথার স্টাফ রিপোর্টার গোলজার হানিফ এবং দৈনিক ভোরের চেতনার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামানের ওপর হামলা চালানো হয়।

এ সময় তাদের সপরিবারে হত্যার হুমকিও দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা বলেন, হামলার ঘটনায় মামলা করতে গেলে সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন মামলা না নিয়ে অভিযোগটি রেখে দিয়েছেন। গত চার দিনেও মামলা গ্রহণ না করে তদন্তের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ সাংবাদিকদের। উল্টো আহত সাংবাদিকদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ ছাড়াই চাঁদাবাজির অভিযোগ নেয়া হয়েছে। তারা অভিযোগ করেন, ‘চড়ুইভাতি পার্টি সেন্টারে’ হামলার ঘটনার সিসিটিভি ফুটেজও পুলিশ সংগ্রহ করেনি। পাশাপাশি এতিমদের সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকেরা।

সাংবাদিক নেতারা বলেন, তথ্য-প্রমাণের ভিত্তিতে দুর্নীতির সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তারা হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে নোয়াখালীর পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

মানবন্ধনে বক্তব্য দেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিষাদ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাবু, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, এ আর আজাদ সোহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, এটিএন নিউজের প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, আরটিভি ও দৈনিক আগামীর সময়ের প্রতিনিধি গিয়াস উদ্দিন রনি, এশিয়ান টিভির প্রতিনিধি মুজাহিদ ইসলাম সোহেল, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঞা, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজ প্রমূখ।