সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ইরানি এয়ারলাইনগুলোর পরিচালিত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। নতুন করে যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
ইরানের শিক্ষার্থী সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে ইউএইগামী ইরানি এয়ারলাইনগুলোর সব ফ্লাইট বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকালে তেহরান থেকে দুবাইগামী ইরান এয়ারট্যুরের একটি ফ্লাইটও নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বাতিল করা হয়।
এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা করেছিলেন, ২৩ সেপ্টেম্বর থেকে ইরানি এয়ারলাইনগুলোর আন্তর্জাতিক কার্যক্রম বন্ধ করতে বিদেশি বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী ও অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার হুমকি দেয়া হবে।
ইরানি বিমানকে জ্বালানি, অবতরণ সুবিধা বা টিকিট বিক্রির মতো সেবা দেয়া প্রতিষ্ঠানগুলো মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে বলে তিনি সতর্ক করেন।
ইউএই ছাড়াও ইরানি বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। ইরাকের বাগদাদ, ওমানের মাসকাট এবং কয়েকটি আঞ্চলিক রুটে ফ্লাইট বন্ধ হয়েছে। আজারবাইজান ও জর্জিয়াও ইরানি বিমান চলাচল স্থগিত করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে চীনসহ কয়েকটি গন্তব্যে সীমিত ফ্লাইট চালু থাকার খবর পাওয়া গেছে। নতুন মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরানের আন্তর্জাতিক বিমান যোগাযোগ আরও সংকুচিত হয়ে পড়েছে।
