জাতিসংঘে ভাষণে মামদানিকে আক্রমণ করতে পারেন নেতানিয়াহু

জাতিসংঘে ভাষণে মামদানিকে আক্রমণ করতে পারেন নেতানিয়াহু

ফন্ট সাইজ:

জাতিসংঘ সাধারণ পরিষদে বৃহস্পতিবারের (২৪ সেপ্টেম্বর) ভাষণে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিকে আক্রমণ করতে পারেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলি প্রধানমন্ত্রীকে ‘যুদ্ধাপরাধী’ বলায় দুজনের বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে।

চলতি সপ্তাহে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, নিউ ইয়র্কে গিয়ে তিনি ‘ইসরাইলের বীর সেনাদের বিষয়ে সত্য’ এবং ‘মামদানির বিষয়ে সত্য’ তুলে ধরবেন। একই সঙ্গে মামদানি হামাসকে সমর্থন করেন বলে অভিযোগ করেন তিনি।

এদিকে এর আগে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের প্রচারে মামদানি বলেছিলেন, নেতানিয়াহু শহরটিতে এলে যুদ্ধাপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেবেন।
পরে তিনি জানান, মেয়র হিসেবে এমন পদক্ষেপ নেয়ার আইনি ক্ষমতা তার নেই। চলতি সপ্তাহে তিনি নেতানিয়াহুকে ‘ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ গণহত্যার স্থপতি’ হিসেবে বর্ণনা করেন। নেতানিয়াহু অবশ্য যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

চলতি বছরের জানুয়ারিতে মামদানি মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম নিউইয়র্ক যাচ্ছেন নেতানিয়াহু। তার সফরের সময় ইসরাইলি সরকারের বিরোধীরা বিক্ষোভের পরিকল্পনা করছেন।

ইসরাইলে আগামী ২৭ অক্টোবর সাধারণ নির্বাচন হওয়ার কথা। জনমত জরিপে নেতানিয়াহুর দীর্ঘদিনের ক্ষমতা নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত মিলছে। গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মধ্যেই চলছে নির্বাচনী প্রচার।
ইসরাইলের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ওরেনের মতে, নেতানিয়াহুর ভাষণ মূলত ইসরাইলি ভোটারদের উদ্দেশে দেয়া ‘নির্বাচনী প্রচারণার বক্তব্যের’ মতো হতে পারে।

তার ধারণা, মামদানি ও ইরানকে আক্রমণের মাধ্যমে নেতানিয়াহু দোদুল্যমান ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করতে পারেন।