বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে পাথরঘাটা উপজেলার নতুন বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বাসা থেকে শহরে যাওয়ার পথে তিনি হামলার শিকার হন।
জানা গেছে, পৌরসভার ৯নং ওয়ার্ডে নতুন বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন নিজ বাসা থেকে সাবেক সংসদ সদস্য গোলাম সারোয়ার হিরু নিজে মোটরসাইকেল চালিয়ে বাসা থেকে বাজারের উদ্দেশ্যে রওনা হন। এ সময় বাসা থেকে তার নিজ বাসার রাস্তা পার হয়ে প্রধান সড়কে আসতেই পূর্ব থেকেই ওঁৎপেতে থাকা ৪-৫ জনের সন্ত্রাসী বাহিনী স্টিল পাইপ ও লোহার রড দিয়ে ডান হাত ও ডান পায়ে পিটিয়ে থেঁতলে দেয়। এছাড়াও তার শরীরের বেশ কয়েক অংশে গুরুতর জখম হয়েছে। এ সময় মোটরসাইকেলেও আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে ভুক্তভোগী হিরুর স্ত্রী পাথরঘাটা উপজেলাধীন কালমেঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর আফরোজ হ্যাপী বলেন, গত কয়েকদিন ধরেই বাসার সামনে ও আশপাশ এলাকায় অবস্থান নিয়ে হামলা করার প্রস্তুতি নিয়েছিল। যা আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছিল। তারপরও আমরা সহযোগিতা পাইনি। সাবেক সংসদ সদস্যের ওপর কেন এ হামলা? এ ঘটনায় যারা জড়িত অনতিবিলম্বে সেই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই। এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা মানবজমিনকে বলেন, ঘটনাটা আপনিও যেমন শুনেছেন, আমিও শুনেছি। এ বিষয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা হয়েছে। তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
পাথরঘাটায় সাবেক এমপি’র ওপর দুর্বৃত্তদের হামলা
পাথরঘাটা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
