কিলোমিটারে ১৭ পয়সা বাড়লো বাস ভাড়া

কিলোমিটারে ১৭ পয়সা বাড়লো বাস ভাড়া

ফন্ট সাইজ:

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৭০ পয়সা।

সোমবার বাস মালিক সংগঠনগুলো দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং শহরের ভেতরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে। মঙ্গলবার বৈঠকে তা পর্যালোচনা করে ভাড়া চূড়ান্ত করা হয়। গতকাল বিকালে মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার কারণে পরিবহন মালিকরা প্রচলিত হিসাব অনুযায়ী কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি করেছিলেন। জনস্বার্থ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, যেকোনো ভাড়া বৃদ্ধি জনগণের জন্য চাপ। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে ভাড়া যতটা বেড়েছে তা যৌক্তিক পর্যায়ে কম রাখার চেষ্টা করেছি।

ওদিকে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সরকারিভাবে নতুন ভাড়ার তালিকা প্রকাশের আগেই ঢাকা মহানগরের কোনো কোনো বাসে পাঁচ টাকা বেশি ভাড়া নেয়া হচ্ছে। সর্বনিম্ন ১০ টাকার ভাড়া নেয়া হচ্ছে ১৫ টাকা। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন রুট ঘুরে এ চিত্র দেখা গেছে। বাড়তি ভাড়া দিতে রাজি না হওয়ায় কোথাও কোথাও যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বচসা হতেও দেখা যায়। ওদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে লঞ্চ ভাড়া বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে।