মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তার রাজনৈতিক ক্যারিয়ারের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। রয়টার্স/ইপসোস-এর সর্বশেষ জরিপে এমনটা উঠে এসেছে। সার্বিকভাবে মাত্র ৩২ ভাগ মার্কিনি তাকে সমর্থন করছেন। ইরান যুদ্ধের ফলে গ্যাসোলিন ও নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে জীবন নির্বাহী ব্যয় বৃদ্ধি পাওয়ায় তার জনপ্রিয়তায় ধস নেমেছে। ট্রাম্পের নিজের দল রিপাবলিক পার্টির সমর্থকরাও মুখ ফিরিয়ে নিয়েছে তার থেকে। ট্রাম্প নির্বাচনের পূর্বে বলেছিলেন তিনি নির্বাচিত হলে মূল্যস্ফীতি কমাবে এবং যুক্তরাষ্ট্রের চলমান বাইরের যুদ্ধগুলো থামাবে। কিন্তু দ্বিতীয় মেয়াদে তিনি যে নির্বাচনী প্রচারণা করেছিলেন তার ঠিক উল্টোটা ঘটেছে। ট্রাম্পের জনপ্রিয়তা যাচাইয়ে চারদিনব্যাপী চলা জরিপ রোববার শেষ হয়। এতে দেখা যায় ৮২ ভাগ থেকে কমে ৭৩ ভাগ রিপাবলিকান ট্রাম্পকে সমর্থন করেছেন। ক্ষমতায় আসার পরপর তার জনপ্রিয়তা ছিল ৪৭ ভাগ। মাত্র ১৭ ভাগ মার্কিনি ট্রাম্পের ব্যয় নির্বাহী ব্যবস্থাপনাকে সমর্থন করছেন। ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে নামায় ৩রা নভেম্বর মধ্যবর্তী নির্বাচনে তার দল বিপদে পড়তে পারে। ইরান যুদ্ধ শুরু করার পর থেকেই রিপাবলিকানদের মধ্যে অস্বস্তি বাড়তে থাকে। এখন জীবন নির্বাহের প্রশ্নে নিজ দলের সমর্থকদের মধ্যে ট্রাম্পের রেটিং কমে দাঁড়িয়েছে মাত্র ৪৪ ভাগে। মঙ্গলবার ট্রাম্প চলমান সংকটের বিষয়ে বলেন, ‘আশা করা যায় শেষের দিকে রয়েছে।’ কূটনৈতিক প্রচেষ্টা বৃদ্ধির দিকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন। তবে ইরান সরাসরি কোনো কূটনৈতিক আলোচনার কথা নিশ্চিত করেনি। যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক ১ হাজার ২৭৭ জন নাগরিকের মতামতের ভিত্তিতে অনলাইনে এই জরিপটি পরিচালিত হয়।
রয়টার্স/ইপসোস-এর জরিপ
তলানিতে ট্রাম্পের জনপ্রিয়তা
মানবজমিন ডেস্ক
২৩ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
