ধানমণ্ডি লেক থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

রাজধানীর ধানমণ্ডি লেক থেকে নিখোঁজের দু’দিন পর জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমণ্ডি ১০ নম্বর রোড এলাকার লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, সকালে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে তারা মরদেহের সঙ্গে থাকা একটি এনআইডি কার্ড খুঁজে পান। সেই সূত্রে পরিবারকে খবর দিলে তার স্ত্রী শাহানা জাবিন খান মরদেহ শনাক্ত করেন। স্ত্রী শাহানা জাবিন খান পুলিশকে জানিয়েছেন, তারা রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকায় থাকেন। জাভেদ আহম্মেদ দীর্ঘদিন বেকার থাকায় আর্থিক সংকটের কারণে বিপর্যস্ত ছিলেন। গত সোমবার বিকালে ধানমণ্ডি যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এরপর আর বাসায় ফেরেননি। পরিবার ভাটারা থানায় নিখোঁজের ডায়েরি করেন। পুলিশ তার সর্বশেষ অবস্থান পেয়েছিল কলাবাগানে। তবে কীভাবে তিনি ওই লেকে পড়ে মারা গেলেন সে বিষয়টি প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন মানবজমিনকে বলেন, ‘জাবেদের স্থায়ী ঠিকানা বনানী। তবে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার ভাড়া বাসায় থাকতেন। তার বাবার নাম সালাউদ্দিন আহামেদ। তার ১০ বছরের এক ছেলে ও ১৮ বছর বয়সী এক মেয়ে রয়েছে। দীর্ঘদিন বেকার থাকায় আর্থিক সংকটের কারণে বিপর্যস্ত ছিলেন। গত পরশু বিকালে ধানমণ্ডি যাওয়ার কথা বলে বসুন্ধরার বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এরপর আর বাসায় ফেরেননি।’ তিনি বলেন, ‘জাবেদের মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। এটি হত্যা, আত্মহত্যা, নাকি পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।’